Aaj India Desk, কলকাতা : কলকাতার চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ১২ দিন পরেও তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়ক বিজয় ওঝা, দলের জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ ও শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারীর ভূমিকা খতিয়ে দেখে তাঁদের গ্রেপ্তারির দাবি জানিয়েছেন তিনি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাউকে আড়াল করা হচ্ছে কি না, তা নিয়েও সরব হয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।(Chorbagan Stampede)
১২ দিন পরেও তদন্ত নিয়ে প্রশ্ন
চোরবাগান পদপিষ্টের ঘটনায় ১৯ জনের মৃত্যুর পর তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি জানতে চেয়েছেন, এত বড় বিপর্যয়ের পরেও আয়োজকদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কতদূর এগিয়েছে। (Chorbagan Stampede)
ঘটনায় যাঁদের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন, তাঁদের বিরুদ্ধে এখনও কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে প্রশ্ন করেন অভিষেক। বিশেষ করে আয়োজক কমিটির চেয়ারম্যান হিসেবে বিজেপি বিধায়ক বিজয় ওঝা, প্রধান উপদেষ্টা হিসেবে দলের জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দেবদীপ অধিকারীর ভূমিকা তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
‘রাজনৈতিক পরিচয় কি আইনের ঊর্ধ্বে?’
অভিষেকের বক্তব্য, রাজনৈতিক পরিচয় বা ক্ষমতার জোরে কেউ আইনের ঊর্ধ্বে থাকতে পারেন না। বিজেপির সঙ্গে রাজনৈতিক যোগাযোগের কারণে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি। সাত বছরের এক শিশু-সহ ১৯ জনের মৃত্যুর ঘটনায় দায় নির্ধারণের ক্ষেত্রে কোনও আপস করা উচিত নয় বলে দাবি তৃণমূল সাংসদের। তাঁর মতে, ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকের ভূমিকা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা প্রয়োজন। (Chorbagan Stampede)
‘চুনোপুঁটি’ গ্রেফতার করলেই দায় শেষ নয়
তদন্তের দায়িত্বে থাকা বিশেষ তদন্তকারী দলের কাছে নিরপেক্ষ, স্বচ্ছ ও রাজনৈতিক প্রভাবমুক্ত তদন্তের দাবি জানিয়েছেন অভিষেক। তাঁর বক্তব্য, কয়েকজন অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অভিযুক্তকে গ্রেফতার করেই এতগুলি মৃত্যুর দায় থেকে অব্যাহতি পাওয়া সম্ভব নয়। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযুক্তদের আড়াল করার চেষ্টা হলে সংশ্লিষ্টদের ভবিষ্যতে জবাবদিহির মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছেন অভিষেক। তাঁর বার্তা, ক্ষমতা চিরস্থায়ী নয়।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা ইন্দ্রনীল সেনের গ্রেফতারির প্রসঙ্গও রাজনৈতিক মহলে আলোচনায় এসেছে। সেই আবহেই চোরবাগান কাণ্ডে তদন্তের অগ্রগতি এবং অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক।


