Aaj lndia Desk, কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee) – মঙ্গলবার ফেসবুক লাইভে এসে একাধিক রাজনৈতিক ও ব্যক্তিগত প্রসঙ্গ তুলে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ করেন। তাঁর দাবি, চলতি বছরে এখনও পর্যন্ত নিজের লেখা বইগুলির কোনও রয়্যালটি তিনি পাননি। এই ঘটনার পিছনে রাজনৈতিক চাপ থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা দেড়শোরও বেশি বই প্রকাশিত হয়েছে। অতীতে তিনি একাধিকবার জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী থাকাকালীনও তিনি সরকারি বেতন নিতেন না এবং বইয়ের রয়্যালটি থেকেই ব্যক্তিগত খরচ চালাতেন। মঙ্গলবার সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, জীবনে কখনও সরকারি বেতন বা পেনশন নেননি। অথচ এ বছর বইমেলায় পাঠকরা তাঁর বই কিনলেও এখনও পর্যন্ত রয়্যালটির অর্থ তাঁর হাতে পৌঁছায়নি। তাঁর অভিযোগ, বিজেপির ভয়ে সংশ্লিষ্ট মহল নীরব রয়েছে এবং এর পিছনে কোনও পরিকল্পনা থাকতে পারে।
লাইভে রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সরব হন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, বিরোধী দল হিসেবে তৃণমূলের রাজনৈতিক কর্মসূচিতে প্রশাসনিক বাধা তৈরি করা হচ্ছে। রাস্তায় কর্মসূচি করার অনুমতি দেওয়া হচ্ছে না, ফলে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। অন্য রাজনৈতিক দল অনুমতি পেলেও তৃণমূলকে একই সুযোগ দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি। পাশাপাশি জেলা পরিষদ ও পঞ্চায়েত দখলের অভিযোগও তোলেন।
এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুকে অসম্মান করা হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা। ছাত্র-যুব সমাজকে গণতান্ত্রিকভাবে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে তাঁর দাবি, পুলিশকে ব্যবহার করে বিরোধী দলের বিধায়ক ও নেতাদের ভয় দেখানো হচ্ছে এবং বেআইনি কাজ করানো হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, তৃণমূল কোনও বিদেশি অনুদান গ্রহণ করে না, তবে অন্য কিছু রাজনৈতিক দল বিদেশি অর্থসাহায্য পায়। সবশেষে তিনি বলেন, রাজনৈতিকভাবে তাঁকে যত বাধা দেওয়া হবে, ততই তিনি আরও শক্তভাবে মানুষের পাশে দাঁড়াবেন। তাঁর কথায়, চেয়ার নয়, মানুষের জন্যই তিনি রাজনীতি করেন।


