Aaj India Desk, পূর্ব মেদিনীপুর : মন্দারমণিতে পার্কিং নিয়ে বচসাকে কেন্দ্র করে পর্যটক পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছিল হোটেলকর্মীদের বিরুদ্ধে। শনিবারের এই ঘটনায় হোটেল ম্যানেজার ভাস্কর বিশ্বাস এবং নিরাপত্তারক্ষী সুব্রত ঘোষকে গ্রেফতার করেছে মন্দারমণি থানার পুলিশ। রবিবার তাঁদের কাঁথি মহকুমা আদালতে তোলা হবে।(Mandarmani Tourist Assault)
কী নিয়ে শুরু হয় বচসা?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বজবজের বাসিন্দা মহম্মদ আসিফ শনিবার পরিবারকে নিয়ে মন্দারমণিতে বেড়াতে যান। একটি হোটেলের পার্কিং জোনে গাড়ি রাখার পর ঘর দেখতে যাওয়ার সময় বচসার সূত্রপাত হয়। এরপর হোটেলের ম্যানেজার, নিরাপত্তারক্ষী-সহ একাধিক কর্মী ওই পরিবারকে ঘিরে ফেলেন। পরিবারের সদস্যদের ধাক্কা, চড় এবং লাঠি দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে।(Mandarmani Tourist Assault)
বৃদ্ধ, মহিলা ও শিশুর উপর আক্রমণ
অভিযোগকারী পরিবারের সদস্যদের মধ্যে বৃদ্ধ, মহিলা এবং শিশুরাও ছিলেন। তাঁদের উপরেও হোটেলের গার্ডদের লাঠি দিয়ে আঘাত করতে দেখা যায়। ফলে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। পুলিশের কাছে ঘটনার অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু হয়।
ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক নিরাপত্তারক্ষীকে এক বৃদ্ধকে লাঠি দিয়ে মারতে দেখা যায়। আরও এক মহিলাকে মাটিতে পড়ে যেতে দেখা যায়।
রাতে গ্রেফতার দুই অভিযুক্ত
এই ঘটনায় শনিবার রাতেই হোটেল ম্যানেজার ভাস্কর বিশ্বাস (৩৫) এবং নিরাপত্তারক্ষী সুব্রত ঘোষ (৪৫)-কে গ্রেফতার করে মন্দারমণি থানার পুলিশ। ভাস্কর বিশ্বাস নদিয়ার বদকুল্লার বাসিন্দা বলে জানা গিয়েছে। সুব্রত ঘোষের বাড়ি উত্তর ২৪ পরগনায়।(Mandarmani Tourist Assault)
পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। পার্কিং নিয়ে বচসা কীভাবে মারধরের পর্যায়ে পৌঁছল এবং ঘটনায় আর কারও ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।গ্রেফতার হওয়া দুই অভিযুক্তকে রবিবার কাঁথি মহকুমা আদালতে পেশ করা হবে। তবে দোষী গ্রেপ্তার হলেও প্রশ্ন উঠছে, সামান্য এই বিষয়কে ঘিরে এতটা হিংস্রতা কেনো? কীভাবেই বা এত সাহস পেলো হোটেলের কর্মীরা?


