কলকাতা: শিক্ষক দিবসের অনুষ্ঠানের পর প্রধান শিক্ষককে তাড়া করে হেনস্তার ঘটনায় নিন্দার ঝড় ওঠে সমগ্ৰ রাজ্যে (Jalpaiguri Headmaster Harassment Case)। সেই ঘটনায় এবার পদক্ষেপ নিল রাজ্যের স্কুলশিক্ষা দপ্তর। জলপাইগুড়ি জেলা স্কুলের অভিযুক্ত ছাত্রদের চিহ্নিত করে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার নির্দেশ দিলেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন। একই সঙ্গে একদিনের মধ্যে অভিযুক্তদের শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শক (ডিআই)-কে।
সম্প্রতি জলপাইগুড়ি জেলা স্কুলের একটি ভিডিও সামনে আসে, যেখানে দেখা যায় প্রধান শিক্ষককে তাড়া করছেন কয়েকজন ছাত্র (Jalpaiguri Headmaster Harrasment case)। শিক্ষক দিবসের ফিস্টকে কেন্দ্র করে ঘটে যাওয়া এই ঘটনায় রাজ্যজুড়ে তীব্র নিন্দার ঝড় ওঠে। ঘটনার তদন্তে শিক্ষা দপ্তরের গঠিত পরিদর্শক দল স্কুলে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলে বিস্তারিত রিপোর্ট জমা দেয়।
বৃহস্পতিবার স্কুলে গিয়ে শিক্ষামন্ত্রী দীপক বর্মন স্পষ্ট জানিয়ে দেন, “এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। অভিযুক্ত ছাত্ররা আর এই স্কুলে পড়তে পারবে না।” তাঁর নির্দেশ, শনিবারের মধ্যে ছাত্রদের চিহ্নিত করে টিসি দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
তবে শুধু বহিষ্কার নয়, অভিযুক্ত ছাত্রদের ভবিষ্যতের কথাও ভাবছে শিক্ষা দপ্তর। মন্ত্রীর নির্দেশ অনুযায়ী, অন্য স্কুলে যাতে তারা ভর্তি হতে পারে, সেই বিষয়ে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ও শিক্ষকদের সহযোগিতা করারও নির্দেশ দেওয়া হয়েছে।
জলপাইগুড়ি জেলা স্কুলের এই ঘটনা (Jalpaiguri Headmaster Harrasment case) রাজ্যের শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ও শিক্ষক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। আর সেই প্রেক্ষিতেই স্কুলশিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তকে ‘জিরো টলারেন্স’ বার্তা হিসেবেই দেখছে শিক্ষা মহলের একাংশ।


