Aaj India Desk, কলকাতা:রেল যাত্রীদের জন্য বড় সুখবর। এবার স্টেশনে সহজেই মিলবে কম দামের খাবার। যাত্রী পরিষেবা আরও উন্নত করতে পূর্ব রেল স্টেশনগুলিতে ভ্রাম্যমাণ ফুড স্টল ( Mobile Food Stall) চালুর পরিকল্পনা করেছে।
রেল সূত্রে জানা গিয়েছে, চুক্তির ভিত্তিতে বিভিন্ন স্টেশনে খাবারের স্টল বসানোর অনুমতি দেওয়া হবে। তবে এই স্টলগুলি স্থায়ী হবে না। বিশেষভাবে তৈরি মোবাইল কার্ট বা স্টলের মাধ্যমে বিক্রেতারা নির্দিষ্ট এলাকার মধ্যে ঘুরে ঘুরে খাবার বিক্রি করতে পারবেন। ফলে যাত্রীদের আর খাবারের জন্য নির্দিষ্ট দোকানে যেতে হবে না।
প্রাথমিকভাবে কলকাতা ও শিয়ালদহ স্টেশনে পরীক্ষামূলকভাবে দুটি ভ্রাম্যমাণ ফুড স্টল চালু করা হবে। এই উদ্যোগ সফল হলে ধাপে ধাপে পূর্ব রেলের অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনেও এই পরিষেবা চালু করা হবে।
রেলের তরফে জানানো হয়েছে, খাবারের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই রাখা হবে। পাশাপাশি খাবারের গুণমান, স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতার বিষয়েও কড়া নজরদারি করা হবে।
এই স্টল পরিচালনার জন্য বিক্রেতাদের বৈধ লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও কঠোর নিয়ম মানতে হবে। স্টেশন চত্বর পরিষ্কার রাখা, যত্রতত্র আবর্জনা না ফেলা এবং পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য নিষ্পত্তির দায়িত্ব থাকবে স্টল মালিকদের উপর।
রেল আরও স্পষ্ট করেছে, ভ্রাম্যমাণ ফুড স্টলের কারণে যাত্রীদের চলাচল বা ট্রেনে ওঠানামায় কোনও সমস্যা তৈরি করা যাবে না। স্টলগুলি শুধুমাত্র নির্দিষ্ট এলাকাতেই চলাচল করতে পারবে এবং স্টেশনের সব জায়গায় যাওয়ার অনুমতি থাকবে না।
প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য এই স্টল পরিচালনার অনুমতি দেওয়া হবে। যাত্রীদের সুলভ মূল্যে মানসম্মত খাবার পৌঁছে দিতেই পূর্ব রেলের এই নতুন উদ্যোগ বলে মনে করা হচ্ছে।


