Aaj India Desk, কলকাতা: গত কয়েক দিনের টানা বর্ষণে দক্ষিণবঙ্গ (South Bengal)-এর মানুষ অবশেষে অস্বস্তিকর গরম ও ভ্যাপসা আবহাওয়া (Weather) থেকে অনেকটাই স্বস্তি পেয়েছে। তবে এই বৃষ্টির জেরে কলকাতার একাধিক নিচু এলাকায় ইতিমধ্যেই জল জমে (Waterlogging) ভোগান্তি শুরু হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবারেও কি একইভাবে চলবে বৃষ্টির দাপট? দক্ষিণ উত্তরবঙ্গে আবার লেটেস্ট আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর (IMD)।
কলকাতার আবহাওয়া
সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ ঘন মেঘে ঢাকা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। দুপুরের পর থেকে শহর ও সংলগ্ন এলাকায় একাধিক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মেঘলা আবহাওয়া এবং বৃষ্টির কারণে আজ তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম এবং বাঁকুড়ায় দিনভর কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। পাশাপাশি ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের আবহাওয়া
অন্যদিকে উত্তরবঙ্গে বর্ষার প্রভাব আরও জোরালো হয়েছে। আজ দার্জিলিং ও কালিম্পঙের পাহাড়ি এলাকাসহ কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। পাহাড়ি এলাকায় প্রবল বর্ষণের পাশাপাশি দমকা হাওয়ার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। সেই সঙ্গে ভূমিধসের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে সোমবার উত্তর থেকে দক্ষিণ-রাজ্যের প্রায় সর্বত্রই বর্ষার প্রভাব বজায় থাকবে। তাই সপ্তাহের প্রথম দিনে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।


