Aaj India Desk, পুরুলিয়া: পুরুলিয়ায় (Purulia) প্রতিরক্ষা শিল্পে বড় উদ্যোগ। রঘুনাথপুরে ২৫৬ একর জমির উপর তৈরি হতে চলেছে জুপিটার (Jupiter) ডিফেন্সের বড় উৎপাদন কেন্দ্র। এই কারখানায় প্রতিরক্ষা সরঞ্জাম এবং ভারতীয় সেনার (Indian Army) সামগ্রী তৈরির পরিকল্পনা রয়েছে। প্রকল্পের জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে জমি বরাদ্দ করা হয়েছে।
রঘুনাথপুরের জঙ্গল সুন্দরী কর্মনগরী ফেজ-২ শিল্প পার্কে তৈরি হবে এই প্রকল্প। কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে রাজ্য সরকারের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতরের আয়োজিত অনুষ্ঠানে জুপিটার ডিফেন্সকে এই জমি বরাদ্দ করা হয়।
জুপিটার ডিফেন্স হল জুপিটার ওয়াগনস গোষ্ঠীর অংশ। এতদিন মূলত রেলের জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম তৈরির ক্ষেত্রে পরিচিত ছিল সংস্থাটি। এবার প্রতিরক্ষা ক্ষেত্রেও নিজেদের কাজ বাড়াচ্ছে তারা। রঘুনাথপুরের এই প্রকল্প সেই সম্প্রসারণেরই অংশ।
এই প্রকল্প চালু হলে সরাসরি কারখানায় কাজের সুযোগ তৈরির পাশাপাশি স্থানীয় ছোট-বড় সংস্থারও কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যন্ত্রাংশ তৈরি, সরবরাহ এবং বিভিন্ন পরিষেবার সঙ্গে স্থানীয় ব্যবসা যুক্ত হতে পারে। ফলে পুরুলিয়ায় শিল্পের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে।
জমি বরাদ্দের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জুপিটার ওয়াগনসের চেয়ারম্যান এমেরিটাস মুরারি লাল লোহিয়া। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বিবেক লোহিয়ার দাবি, এই প্রকল্প দেশের নিজস্ব প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষমতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় শিল্প ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পারে।
জুপিটার ওয়াগনসের প্রতিরক্ষা বিভাগ ইতিমধ্যেই ভারতীয় সেনার জন্য বিশেষ ধরনের ভারী সামরিক ওয়াগন তৈরি করে। এর মধ্যে রয়েছে BOM বা বগি ওপেন মিলিটারি ওয়াগন। RDSO-র নকশা অনুযায়ী তৈরি এই ওয়াগনে হালকা সামরিক গাড়ি, আর্টিলারি গান, BMP এবং ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম বহন করা যায়। সেনা ও সামরিক সরঞ্জাম দ্রুত অপারেশনাল এলাকায় পৌঁছে দিতেও এই ওয়াগন ব্যবহার করা হয়।
জুপিটার ডিফেন্সের দাবি, রঘুনাথপুরের এই উদ্যোগ দেশের প্রতিরক্ষা উৎপাদন বাড়ানো এবং ‘আত্মনির্ভর ভারত’-এর লক্ষ্যকে এগিয়ে নেওয়ার পরিকল্পনার সঙ্গে যুক্ত। এখন নজর, কবে থেকে শুরু হয় এই প্রকল্পের কাজ।


