26.8 C
Kolkata
Thursday, August 6, 2026
spot_img

অন্নপূর্ণা থেকে পড়শির ঝামেলা! নবান্নের হেল্পলাইনে অভিযোগের বদলে আবদারের পাহাড়

Aaj India Desk, কলকাতা: রাজ্য সরকারের নতুন হেল্পলাইন যেন এখন অনেকের কাছে সব সমস্যার ‘ওয়ান-স্টপ সলিউশন’। বেআইনি মদের কারবারের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য সম্প্রতি চালু হওয়া হেল্পলাইন নম্বর ১৫৫৩৩৯-এ প্রতিদিনই ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। তবে অবাক করা বিষয়, এই নম্বরে আসা অধিকাংশ ফোনের সঙ্গে বেআইনি মদের কোনও সম্পর্কই নেই!

সুদূর উত্তরবঙ্গ থেকে এক ব্যক্তি ফোন করে জানান, তাঁর বাড়ির সামনের রাস্তা বহুদিন ধরে বেহাল। বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোনও লাভ হয়নি। তাই তাঁর সরল যুক্তি, “নবান্নে যখন নম্বরটা লেগেইছে, ঝামেলাটাও মিটিয়ে দিন!” হেল্পলাইন কর্মীরা বোঝানোর চেষ্টা করেন যে এই নম্বরটি মূলত বেআইনি মদের কারবারের অভিযোগ জানানোর জন্য। কিন্তু তিনি নাছোড়বান্দা। শেষ পর্যন্ত তাঁর অভিযোগও সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়।

দিন সাতেক আগে কাটমানি, সিন্ডিকেট, অবৈধ রোড ট্যাক্স এবং বেআইনি মদের কারবার নিয়ে অভিযোগ জানানোর জন্য চারটি পৃথক হেল্পলাইন চালু হয়েছে। প্রথম দিন থেকেই ফোনের বন্যা বইছে। জানা গিয়েছে , বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন গড়ে প্রায় এক হাজার ফোন আসছে। তবে তার মধ্যে প্রায় ৯০ শতাংশই অন্য বিষয়ের অভিযোগ বা আবেদন।

যদিও নির্দেশ একেবারে স্পষ্ট যে অভিযোগই আসুক, তা গুরুত্ব দিয়ে শুনতে হবে। নির্দিষ্ট বিষয়ের বাইরে হলেও সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দিতে হবে। অন্যদিকে প্রায় ১০ শতাংশ ফোনে কাটমানি, সিন্ডিকেট, অবৈধ রোড ট্যাক্স ও বেআইনি মদের কারবার নিয়ে অভিযোগ আসছে। এমনও অভিযোগ এসেছে, ১০ বছর আগে বাড়ি তৈরির সময় স্থানীয় তৃণমূল নেতাকে তোলা দিতে হয়েছিল এবং তাঁর সিন্ডিকেট থেকেই বেশি দামে নির্মাণ সামগ্রী কিনতে বাধ্য করা হয়েছিল। সব ক্ষেত্রেই অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হচ্ছে এবং পুলিশকে তদন্ত করে উচ্চপদস্থ কর্তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে।

এদিকে অন্নপূর্ণা যোজনা-সহ বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়েও হেল্পলাইনে প্রশ্নের ঢল নেমেছে। কেউ জানতে চাইছেন আবেদন গৃহীত হয়েছে কি না, কেউ অভিযোগ করছেন সরকারি সুবিধা পাচ্ছেন না। এমনকি পড়শির সঙ্গে দীর্ঘদিনের ঝামেলা মেটানোর আবেদনও পৌঁছে যাচ্ছে নবান্নে। সব মিলিয়ে, অভিযোগ জানানোর হেল্পলাইন এখন যেন অনেকের চোখে “যে কোনও সমস্যার সরকারি কল সেন্টার” হয়ে উঠেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন