Aaj India Desk, জলপাইগুড়ি: সকাল থেকেই ব্যস্ততার সঙ্গে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election )- এর প্রথম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া। তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ইভিএম (EVM) মেশিনের ত্রুটি ঘিরে বাড়ছে ক্ষোভ । কোথাও দেরিতে শুরু হয়েছে ভোটগ্রহণ, আবার কোথাও এখনও লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোটাররা। দিকে দিকে এমনই চিত্র দেখা যাচ্ছে, আর তার ব্যতিক্রম নয় ধুপগুড়িও।
একাধিক বুথে ইভিএম (EVM) বিকল হয়ে পড়ায় নির্ধারিত সময়ে ভোট শুরু করা সম্ভব হয়নি। ফলে সকাল থেকেই ভোটারদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন।
ভোটগ্রহণের দিন সকালেই ধুপগুড়ির একাধিক বুথে ইভিএম বিকল হয়ে যাওয়ায় শুরুতেই বিঘ্ন ঘটল ভোট প্রক্রিয়ায়। সকাল সাড়ে সাতটা পেরিয়ে গেলেও বেশ কিছু বুথে ভোটগ্রহণ শুরু করা যায়নি, যার জেরে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। জানা গিয়েছে, ধুপগুড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রায়পাড়া এলাকার ১৭৪ নম্বর বুথে ইভিএমে গণ্ডগোলের কারণে নির্ধারিত সময়ে ভোট শুরু করা সম্ভব হয়নি। একইভাবে, উত্তর বইরেটিকুরি কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়েও সকাল সাড়ে সাতটা বেজে যাওয়ার পরও ভোটগ্রহণ শুরু হয়নি বলে অভিযোগ।
এছাড়াও, ধুপগুড়ি বিধানসভার ১৮৯ নম্বর বুথ, সুহৃদ সংঘ ক্লাব ও পাঠাগারেও সকাল থেকেই ইভিএম মেশিনে ত্রুটি দেখা দেয়। ফলে মকপোল প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ভোটগ্রহণ বিলম্বিত হয়।এই পরিস্থিতিতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা ক্ষোভ প্রকাশ করেন।
তবে নির্বাচন কমিশনের তরফে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। বিকল ইভিএম বদলে নতুন মেশিন বসিয়ে যত দ্রুত সম্ভব ভোট প্রক্রিয়া শুরু করার চেষ্টা চলছে বলে জানা গেছে।


