Aaj India Desk, কলকাতা : রাজ্যের প্রথম দফার ভোট শুরু হয়ে গিয়েছে। সকাল ৭ টা থেকে ভোট শুরু হলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে EVM এ গোলমাল হওয়ায় সেইসব জায়গায় ভোট এখনো শুরু করা যায়নি।
ভোটের দিন একাধিক বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিন (EVM) বিকল হওয়ার খবর সামনে এসেছে। ধুপগুড়ির একাধিক বুথে ইভিএম বিকল হয়ে পড়ার অভিযোগ উঠেছে। একইভাবে বাঁকুড়ার সারদামনি মহিলা কলেজের বুথেও ইভিএম খারাপ হয়ে যাওয়ায় ভোটগ্রহণ আটকে যায়। শিলিগুড়ির ২৬/২৩৫ নম্বর বুথ (রামকৃষ্ণ পাঠশালা) এবং জগদীশ হাই স্কুলেও ইভিএম বিকল হওয়ার খবর মিলেছে। ভোটারদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়।
ঝাড়গ্রামের বিনপুর এলাকায় সকাল থেকেই দুটি ইভিএম খারাপ। অন্যদিকে আসানসোলের জামুড়িয়ায় একটি গাড়ি থেকে চারটি ইভিএম উদ্ধার করা হয়। সেখানকার সিপিএম প্রার্থী গাড়িতে EVM গুলি লক্ষ্য করে প্রশাসনকে খবর দেন। এরপর দ্রুত EVM গুলি উদ্ধার করে তদন্ত শুরু করা হয়।
ভোটের আগে দীর্ঘ প্রস্তুতি সত্ত্বেও একাধিক জায়গায় EVM বিকল হওয়ার ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বহু দিন আগে থেকেই সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তা সত্ত্বেও ভোট শুরুর সাথে সাথেই রাজ্য জুড়ে এই চিত্র কেনো দেখা যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। ভোটের দিন এই ঘটনায় ফের ভোট চুরির কোনো কারসাজি লুকিয়ে আছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে রাজনৈতিক মহল।
এতগুলি ঘটনার পরও নির্বাচন কমিশনের তরফে বিস্তারিত ব্যাখ্যা বা আনুষ্ঠানিক বিবৃতি এখনও প্রকাশ্যে আসেনি। তবে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।


