Aaj lndia Desk,নয়াদিল্লি: সিরিজের ফল ভারতের পক্ষে গেলেও শেষ টেস্টে প্রত্যাশামতো জয় পেল না টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শেষ হল ড্রয়ে। ম্যাচের শেষ দিনে ভারতের সামনে সুযোগ ছিল প্রতিপক্ষের ইনিংস গুটিয়ে দিয়ে জয় নিশ্চিত করার। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় উইকেট তুলে নিতে পারেননি বোলাররা। শেষ পর্যন্ত জয়-পরাজয়ের বদলে ম্যাচ ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।
ভারতের জয়ের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ান শ্রীলঙ্কার ব্যাটার সোনাল দিনুশা। চাপের পরিস্থিতিতে লম্বা ইনিংস খেলে দলকে বিপদমুক্ত করেন তিনি। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে১৩৩ রান। শেষ পর্যন্ত তাঁর উইকেটটি না পাওয়ায় ভারতের জয়ের সম্ভাবনাও কার্যত শেষ হয়ে যায়।
তবে সিরিজ জয় ভারতের জন্য গুরুত্বপূর্ণ হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসাবটা এখন আরও কঠিন হয়ে উঠেছে। সামনের সূচিতে রয়েছে নিউজিল্যান্ড সফর। ১৯ নভেম্বর ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে দুই ম্যাচের সিরিজ। দ্বিতীয় ম্যাচটি হবে ক্রাইস্টচার্চে, ২৭ নভেম্বর থেকে। ভারতীয় সময় অনুযায়ী দুটি টেস্টই শুরু হবে ভোর সাড়ে ৩টেয়।
এর পর ভারতের ঘরের মাঠে আসবে অস্ট্রেলিয়া। পাঁচ টেস্টের এই সিরিজ চলবে ২১ জানুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত। নাগপুর থেকে শুরু করে চেন্নাই, গুয়াহাটি, রাঁচি হয়ে শেষ ম্যাচ হবে আহমেদাবাদে। বর্তমান WTC 2025-27 তালিকায় ভারত রয়েছে পাঁচ নম্বরে। দলের পয়েন্ট শতাংশ ৫১.৫২। অস্ট্রেলিয়া রয়েছে শীর্ষে, দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় এবং নিউজিল্যান্ড তৃতীয়। চতুর্থ স্থানে বাংলাদেশ।
ফলে ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে এখন থেকে প্রতিটি ম্যাচ ভারতের জন্য কার্যত ‘ডু অর ডাই’। বাকি সাতটি টেস্টের মধ্যে অন্তত ছয়টিতে জয় প্রয়োজন হতে পারে। অর্থাৎ নিউজিল্যান্ডকে তাদের দেশে হারানোর পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ঘরের মাঠে বড় সাফল্য দরকার গিল-বুমরাদের। তাহলেই WTC ফাইনালের দৌড়ে নিজেদের জায়গা শক্ত করার সুযোগ থাকবে ভারতের।


