Aaj India Desk, কলকাতা: পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় (Police Recuritment) অনিয়ম ও স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলে এবার পথে নেমে প্রতিবাদ (Street protest) করতে চান চাকরিপ্রার্থীরা। করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে আরক্ষা ভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) দ্বারস্থ হয়েছেন পুলিশ নিয়োগ পরীক্ষার্থী সৌরদীপ ঘোষ।
শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে জরুরি ভিত্তিতে বিষয়টি উল্লেখ করা হয়। আদালত মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছে। আগামী ৩১ অগস্ট এই মামলার শুনানি হতে পারে।আবেদনকারীর বক্তব্য, বিধাননগর পুলিশ কমিশনারেটের আওতাধীন এলাকায় ওই মিছিল করতে চান চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, পুলিশ নিয়োগের পুরো প্রক্রিয়াতেই একাধিক অনিয়ম হয়েছে। নিয়োগে স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। তাই গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের অভিযোগ জানাতে তাঁরা মিছিল করতে চান।
এর মধ্যেই রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া নিয়ে আদালতে চলা মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কয়েক দিন আগে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই নিয়োগ প্রক্রিয়ার ফলাফলের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়।
২০২৪ সালে রাজ্য পুলিশে প্রায় ১২ হাজার কনস্টেবল নিয়োগের ঘোষণা করা হয়েছিল। ওই নিয়োগের জন্য ৫ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য। এরপর লিখিত পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষার পর PET, PMT এবং ইন্টারভিউয়ের জন্য ৬০ হাজার ১৭৮ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।
তালিকা প্রকাশের পর থেকেই একাংশ চাকরিপ্রার্থী নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। তাঁদের অভিযোগ, নির্দিষ্ট নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণির শংসাপত্র যাচাই করা হয়নি। এর ফলে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হয়েছেন বলে দাবি করা হয়।
শুধু সংরক্ষণ নয়, শারীরিক মাপজোকের পরীক্ষা নিয়েও অভিযোগ উঠেছে। প্রার্থীদের একাংশের দাবি, PMT পরীক্ষাও সব ক্ষেত্রে সঠিক নিয়মে নেওয়া হয়নি। নিয়োগের তালিকা নিয়েও স্বচ্ছতার প্রশ্ন তুলে একাধিক প্রার্থী আদালতের দ্বারস্থ হন।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে হাইকোর্ট রাজ্যকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক প্রার্থীর নাম, প্রাপ্ত নম্বর এবং তাঁরা কোন সংরক্ষিত শ্রেণির অন্তর্ভুক্ত, সেই তথ্য-সহ বিস্তারিত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল।
এবার নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে রাজপথে প্রতিবাদ করতে চেয়ে আদালতের দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থী সৌরদীপ ঘোষ। আগামী ৩১ অগস্ট মামলার শুনানিতে মিছিলের অনুমতি নিয়ে আদালত কী নির্দেশ দেয়, সেদিকেই নজর রয়েছে চাকরিপ্রার্থীদের।


