30 C
Kolkata
Saturday, August 22, 2026
spot_img

বিমান বসুর জন্যই কি এক হলেন দুই তৃণমূল? ‘বিমানদা’র দ্রুত আরোগ্য কামনায় ঋতব্রত-কুণাল

Aaj India Desk, কলকাতা: বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর অসুস্থতার (Biman Basu Health) খবরকে ঘিরে রাজনৈতিক মহলে উদ্বেগের ছবি। দিল্লির এইমসে চিকিৎসাধীন প্রবীণ বাম নেতার দ্রুত সুস্থতা কামনা করে সমাজমাধ্যমে বার্তা দিলেন তৃণমূলের (TMC) দুই নেতা—ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) এবং কুণাল ঘোষ (Kunal Ghosh)। রাজনৈতিক অবস্থান এখন আলাদা হলেও, দু’জনের পোস্টেই উঠে এসেছে পুরনো সম্পর্কের আবেগ। দু’জনেই বিমান বসুকে সম্বোধন করেছেন ‘বিমানদা’ বলে।

একসময় সিপিএমের সঙ্গে যুক্ত ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই সময় থেকেই বিমান বসুর সঙ্গে তাঁর দীর্ঘ পরিচয়। বর্তমানে তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত এক্স হ্যান্ডলে বিমান বসুর দ্রুত আরোগ্য কামনা করেছেন। ছাত্র রাজনীতির সময় থেকেই বিমান বসুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তখন এসএফআইয়ের কাজকর্ম দেখভালের দায়িত্বে ছিলেন বিমান ও গৌতম দেব। সেই সময় সিপিএমের রাজ্য সম্পাদকও ছিলেন বিমান।

২০১৪ সালে রাজ্যসভায় যাওয়ার সময়ও সিপিএমের রাজ্য সম্পাদক পদে ছিলেন বিমান বসু। শুধু রাজনৈতিক কাজ নয়, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও তাঁদের মধ্যে ছিল আলাদা টান। তারই একটি স্মরণীয় ঘটনা ২০১২ সালের। দীর্ঘদিন পর বিমান বসুকে সিনেমা দেখাতে নিয়ে গিয়েছিলেন ঋতব্রত। এলগিন রোডের একটি মাল্টিপ্লেক্সে ‘চিটাগং’ দেখতে গিয়েছিলেন বিমান। সঙ্গে ছিলেন তৎকালীন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রও।

অন্যদিকে, তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গেও বিমান বসুর সম্পর্ক দীর্ঘদিনের। বিমানের ছবি দিয়ে ফেসবুকে কুণাল লিখেছেন, “বিমান বসুর দ্রুত আরোগ্য কামনা করি। সেরে উঠুন বিমানদা। এই সময়ে আপনার আরও সক্রিয়তা চাই।”

প্রতি বছর ১৫ অগস্ট রাজভবনের অনুষ্ঠানে দেখা হলে বিমান বসুর সঙ্গে আলাদা করে কথা বলেন কুণাল। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। শুধু তাই নয়, সম্প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং বিমান বসুর সঙ্গে একই ফ্রেমে ছবি পোস্ট করতেও দেখা গিয়েছে কুণালকে।

এখন অবশ্য রাজনৈতিক পরিচয়ের জায়গা থেকে তিনজনই ভিন্ন অবস্থানে। তবু বিমান বসুর অসুস্থতার সময়ে সেই রাজনৈতিক দূরত্ব যেন কিছুটা আড়ালে। প্রবীণ বাম নেতার দ্রুত সুস্থতার জন্য দুই তৃণমূল নেতার বার্তায় প্রকাশ পেয়েছে পুরনো সম্পর্ক ও ব্যক্তিগত শ্রদ্ধার জায়গাটি।

এদিকে হৃদযন্ত্রের সমস্যার কারণে দিল্লির এইমসে চিকিৎসাধীন রয়েছেন ৮৭ বছর বয়সি বিমান বসু। তাঁর পেসমেকার বসানো হয়েছে। বয়সের কথা মাথায় রেখে অস্ত্রোপচারটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হলেও সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, বিমান ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তাঁর স্বাস্থ্য নিয়ে আপাতত উদ্বেগের কারণ নেই বলেও জানিয়েছেন তিনি। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এই মুহূর্তে বিমান বসুর সঙ্গে কাউকে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না। ফলে তাঁর শারীরিক পরিস্থিতির দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলেরও।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন