Aaj India Desk, কলকাতা: বাঘিনী (Tigress) কাণ্ডে দায় এড়াচ্ছে রাজ্য বন দফতর? বাঘিনীর দেখভাল থেকে শুরু করে তার পরবর্তী পদক্ষেপ, সব দায়িত্বই এবার কার্যত এনটিসিএ-র (NTCA) উপর চাপাল রাজ্যের বন দফতর। বাঘিনীকে নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এনটিসিএ-র নির্দেশই শেষ কথা বলে জানিয়ে দিলেন রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ (Manoj Kumar Oraon)।
বনমন্ত্রীর দাবি, বর্তমানে বাঘিনী ভালোই রয়েছে। এমনকী, জঙ্গলের গভীরে গিয়ে একটি বিশালাকার সম্বর হরিণ শিকারও করেছে সে। বাঘিনীর শিকারের সেই ভিডিও প্রকাশ করেছে বন দফতর। মন্ত্রীর কথায়, এনটিসিএ-র বিশেষজ্ঞ দল এবং তাদের সঙ্গে থাকা পশু চিকিৎসকরাই এখন বাঘিনীর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন। পরবর্তী সময়ে কী করা হবে, সেই সিদ্ধান্তও তারাই নেবেন। এনটিসিএ যে নির্দেশ দেবে, রাজ্য বন দফতরকে সেই অনুযায়ী কাজ করতে হবে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই বোমা-পটকা ফাটিয়ে এবং ঢাকঢোল বাজিয়ে বাঘিনীকে লোকালয় থেকে সরিয়ে জঙ্গলের কোর এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন বনকর্মীরা। শেষ পর্যন্ত লোকালয় থেকে প্রায় দেড় কিলোমিটার ভিতরে চলে যায় বাঘিনী। সেখানেই এনক্লোজারের কাছাকাছি এলাকায় একটি বড়সড় সম্বর হরিণ শিকার করে সে। সেই মৃত হরিণের ছবিও সামনে এনেছে বন দফতর। বাঘিনীর শিকার করার ক্ষমতা দেখে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে বলেই মনে করছেন বন দফতরের আধিকারিকরা।
তবে এই ঘটনায় বন দফতরের আধিকারিকরা প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না। কারণ, দু’দিন আগেই বনমন্ত্রী জানিয়েছিলেন, বাঘিনীর দেখভাল বা গোটা ঘটনায় কোনও আধিকারিকের গাফিলতি প্রমাণিত হলে কাউকে রেয়াত করা হবে না। কিন্তু বৃহস্পতিবার তাঁর বক্তব্যে অনেকটাই বদল দেখা গেল। এবার কার্যত গোটা দায় এনটিসিএ-র উপরেই ছেড়ে দিলেন তিনি। এনটিসিএ-র ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট নিয়েও একই অবস্থান নিয়েছেন বনমন্ত্রী। তাঁর বক্তব্য, কমিটি কী রিপোর্ট দেবে, তা নিয়ে রাজ্য সরকারের কিছু বলার নেই। রিপোর্ট জমা পড়ার পরেও সেই বিষয়ে রাজ্য বন দফতর কোনও মন্তব্য করতে পারবে না। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এনটিসিএ-ই।
উল্লেখ্য, বাঘিনীকে ঘিরে একের পর এক বিতর্ক ও নানা প্রশ্ন তৈরি হওয়ার পর দিল্লি থেকে এনটিসিএ-র দুই সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল বক্সা টাইগার রিজার্ভে পৌঁছেছে। বাঘিনীকে নিয়ে এখনও পর্যন্ত কী কী ঘটেছে, তা খতিয়ে দেখছে এই দল। বর্তমানে তাদের নজরদারিতেই রয়েছে বাঘিনী। পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থা, রক্ষণাবেক্ষণ এবং অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে কী সিদ্ধান্ত হয়, এখন সেদিকেই তাকিয়ে সকলে।


