Aaj India Desk, কলকাতা : অশান্ত বাংলাদেশ (Bangladesh Unrest)। কোথাও রাজনৈতিক সংঘর্ষ, কোথাও অগ্নিসংযোগ, কোথাও আবার হামলা-ভাঙচুরের খবর। প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে ক্রমশ। অথচ সেই অশান্তির আবহেই উল্টো ছবি দেখা যাচ্ছে ভারতের সীমান্তে! চিকিৎসা, ব্যবসা কিংবা অন্যান্য কাজে ভারতে আসা বহু বাংলাদেশি নাগরিক দ্রুত দেশে ফিরতে চাইছেন।
পরিবারের টানেই কি দেশে ফেরার তাড়া?
উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘোজাডাঙা আন্তর্জাতিক সীমান্তে বৃহস্পতিবার বাংলাদেশে ফেরার জন্য ভিড় দেখা যায়। ওই দিন ঘোজাডাঙা সীমান্ত দিয়ে প্রায় ৩০০ জন বাংলাদেশি নাগরিক ভারত থেকে নিজেদের দেশে ফিরেছেন। একই দিনে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছেন প্রায় ২০৫ জন।(Bangladesh Unrest)
নিউ মার্কেটের হোটেলেও প্রভাব
শুধু সীমান্ত নয়, কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলগুলিতেও বাংলাদেশি নাগরিকদের উপস্থিতি কমছে। চিকিৎসার জন্য এ দেশে আসা রোগী, তাঁদের পরিজন, পর্যটক এবং ব্যবসার কাজে আসা বাংলাদেশিদের একাংশ দ্রুত দেশে ফিরতে চাইছেন।
কেন এই তাড়াহুড়ো?
বাংলাদেশের (Bangladesh Unrest) বিভিন্ন জায়গায় রাজনৈতিক অশান্তি, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও হামলার খবর সামনে আসছে। আর তাতেই ভারতে থাকা বাংলাদেশিদের উদ্বেগ বাড়ছে। তাঁদের অনেকেরই পরিবারের সদস্যরা দেশে রয়েছেন। বাড়িঘর, চাষের জমি এবং আত্মীয়স্বজনের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। সেই কারণেই চিকিৎসা বা অন্য কাজে ভারতে এলেও আর বেশি দিন থাকতে চাইছেন না অনেকে। দ্রুত বাড়ি ফিরে পরিবারের পাশে দাঁড়ানোই তাঁদের কাছে এখন অগ্রাধিকার।
একই সীমান্তে বিপরীতমুখী ছবি
অন্যদিকে, বাংলাদেশের অশান্ত পরিস্থিতি থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজেও অনেকে ভারতে আসছেন। ঘোজাডাঙার পাশাপাশি পেট্রাপোল ও নদিয়ার গেদে সীমান্তেও দুই দেশের মধ্যে যাতায়াত অব্যাহত রয়েছে।
অর্থাৎ, একদিকে নিরাপত্তার খোঁজে বাংলাদেশ থেকে ভারতে আসছেন কেউ কেউ, অন্যদিকে পরিবারের পাশে দাঁড়াতে ভারত ছেড়ে বাংলাদেশে ফিরছেন অনেকে। প্রতিবেশী দেশের অস্থিরতার প্রভাব স্পষ্ট হয়ে উঠছে সীমান্তের যাতায়াতের ছবিতেই। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই উদ্বেগ ও অনিশ্চয়তা বজায় থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।


