Aaj India Desk,কলকাতা:সই জালিয়াতি মামলার তদন্তে মঙ্গলবার বিকেলে কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র বাড়িতে পৌঁছয় সিআইডির একটি বিশেষ দল। সূত্রের খবর, প্রায় ১৭ জন আধিকারিকের এই দল ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অবস্থিত তৃণমূল কার্যালয় এ তল্লাশি চালানোর উদ্দেশ্যে যায়। তাঁদের কাছে প্রয়োজনীয় নথি ও চিঠিও ছিল বলে জানা গিয়েছে।
তবে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দু’জনেই দিল্লিতে থাকায় তল্লাশি চালাতে দেওয়া হয়নি বলে অভিযোগ। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে সিআইডি আধিকারিকদের প্রবেশে বাধা দেন প্রাক্তন সাংসদ ও বেহালা পূর্বের প্রাক্তন তৃণমূল প্রার্থী শুভাশিস চক্রবর্তী (Subhasish Chakraborty)।
নিজেকে তৃণমূল কর্মী ও স্বেচ্ছাসেবক হিসেবে পরিচয় দিয়ে শুভাশিস জানান, বাড়ির মালিক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অনুপস্থিতিতে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া সম্ভব নয়। তিনি দাবি করেন, মমতা ও অভিষেক দিল্লি থেকে ফিরলে তদন্তে পূর্ণ সহযোগিতা করা হবে।
অন্যদিকে সিআইডি আধিকারিকদের বক্তব্য, তাঁরা আইনসম্মত কাগজপত্র ও অনুমতি নিয়েই এসেছেন। তাই তাঁদের কাজ আটকানো তদন্তে বাধা দেওয়ার সামিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ বচসা হয়। সিআইডি স্পষ্ট জানিয়ে দেয়, তল্লাশি চালাতে শুভাশিসের অনুমতির প্রয়োজন নেই।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সিআইডির দল হরিশ চ্যাটার্জি স্ট্রিটেই ছিলেন এবং বাড়ি ঘিরে রেখেছিল। অন্যদিকে শুভাশিস চক্রবর্তীও নিজের অবস্থানে অনড় ছিলেন।


