33.9 C
Kolkata
Sunday, October 11, 2026
spot_img

অনুমোদিত নকশার সঙ্গে অমিল! সল্টলেকে ব্লিঙ্কিটের অবৈধ গুদাম ঘিরে নোটিশ পুরনিগমের!

Aaj India Desk, কলকাতা : সল্টলেকের ডিবি-৪০ নম্বর বাড়িতে ব্লিঙ্কিটের গুদাম (Blinkit Warehouse) ঘিরে এবার উঠলো অনিয়মের অভিযোগ। অনুমোদিত নকশার সঙ্গে নির্মাণের অমিল, পার্কিংয়ের জায়গার বেআইনি ব্যবহার এবং জমির ব্যবহারের শর্ত লঙ্ঘনের অভিযোগে বাড়ির মালিককে নোটিশ দিল বিধাননগর পুরনিগম। ওই নোটিশে দু’সপ্তাহের মধ্যে বেআইনি নির্মাণ সরিয়ে ফেলা, বাণিজ্যিক কার্যকলাপ বন্ধ করা এবং প্রয়োজনীয় নথি-সহ জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কী কী অনিয়মের অভিযোগ?

পুরনিগমের নোটিশ অনুযায়ী, বাড়ির (Blinkit Warehouse) পিছনের খোলা জায়গায় অনুমোদিত নকশার বাইরে শেড তৈরি করা হয়েছে। ওই অংশটি দু’চাকার গাড়ি রাখার জন্য ব্যবহার করা হচ্ছে বলে উল্লেখ করেছে পুরনিগম। পাশাপাশি, বাড়ির সামনের খোলা জায়গাতেও বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। নোটিশে আরও বলা হয়েছে, গাড়ি রাখার জন্য নির্ধারিত জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে।

জমির ব্যবহার নিয়েও প্রশ্ন

নোটিশে বাড়িটির একতলায় ব্লিঙ্কিটের বাণিজ্যিক কার্যকলাপের কথা উল্লেখ করা হয়েছে। পুরনিগমের অভিযোগ, সংশ্লিষ্ট জমির অনুমোদিত ব্যবহারের শর্তের সঙ্গে এই কার্যকলাপের অমিল রয়েছে। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট নির্মাণ ও ব্যবহার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দু’সপ্তাহের সময়সীমা

বিধাননগর পুরনিগমের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার (বিল্ডিং প্ল্যান)-এর জারি করা নোটিশে বলা হয়েছে, চিঠি জারির দু’সপ্তাহের মধ্যে অননুমোদিত নির্মাণ (Blinkit Warehouse) ভেঙে সরিয়ে ফেলতে হবে। একই সঙ্গে, কেন সংশ্লিষ্ট বাড়ির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা ও সমর্থনে প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছে। নোটিশে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন, ২০০৬-এর উল্লেখ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে প্রাসঙ্গিক আইন ও বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছে পুরনিগম।

অন্যদিকে, সংশ্লিষ্ট বাড়িতে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা, ফায়ার ট্যাঙ্ক এবং বিকল্প বহির্গমন পথ নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, বাড়ির নির্মাণ ও ব্যবহারের ধরন নিয়ে আরও খতিয়ে দেখা প্রয়োজন। সল্টলেকে আবাসিক ভবনের বাণিজ্যিক ব্যবহার এবং অনুমোদিত নকশা মেনে নির্মাণের বিষয়টি ফের আলোচনায় এসেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এই ধরনের অনিয়মের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ জরুরি। তাঁদের আরও অভিযোগ, নবনির্বাচিত বিজেপি বিধায়কের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এখন নজর পুরনিগমের পরবর্তী পদক্ষেপে। নির্ধারিত সময়সীমার মধ্যে বাড়ির মালিক কী জবাব দেন এবং অভিযোগগুলির ভিত্তিতে পরবর্তী কোনও ব্যবস্থা নেওয়া হয় কি না, সেদিকেই নজর থাকবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন