কলকাতা: টলিউডের মঞ্চে এবার মিমিক্রির মশলা! আর নিশানায় স্বরূপ বিশ্বাস (Swaroop Biswas)! নাম না করেই তাঁর কথা বলার স্টাইল নকল করে মঞ্চ মাতালেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। আর পাশে দাঁড়িয়ে হাই ফাইভ দিয়ে হাসিতে ফেটে পড়লেন দেব (Dev)!
দেবের নতুন ছবি ‘দেশু ৭’-এর প্রচারে হাজির অনির্বাণ। সেখানেই ৭২ ঘণ্টার ডায়লগের প্রসঙ্গ তুলেই অভিনেতার (Anirban Bhattacharya) খোঁচা, ‘যার রিঅ্যাকশন ছিল, তারটা কি মিমিক্রি করে দেখিয়ে দেব?’ ব্যস, তারপরেই শুরু নকলের পালা! ‘মুখে বলা অনেক সহজ, কাজে করা কঠিন। আমরা এটা নিয়ে মিটিং করব!’ স্বরূপের বলার ভঙ্গিতে অনির্বাণের এই সংলাপ শুনে হাসির রোল দর্শকাসনে। মঞ্চে দেব-সহ বাকিরাও হাসি চেপে রাখতে পারলেন না!
কিন্তু এই হাসি-মশকরার পিছনে রয়েছে টলিউডের এক গুরুতর বিতর্ক। পরিচালক সংগঠন ডিরেক্টর্স গিল্ড ও ফেডারেশনের সংঘাত, আদালতে মামলা, আর তার পরেই উঠেছিল ‘ব্যান কালচার’-এর অভিযোগ। দাবি, বিতর্কে জড়িয়ে কাজের সুযোগ হারাতে হয়েছিল অনির্বাণ-সহ কয়েক জন পরিচালক ও শিল্পীকে।
অনুষ্ঠানে দেবও (Dev) জানালেন, সেই সময়েই অনির্বাণকে ফোন করেছিলেন তিনি। নিজের ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন। দেবের কথায়, ‘একজন শিল্পীর যদি শিরদাঁড়া সোজা না হয়, তাহলে ইন্ডাস্ট্রিতে পথ চলা খুব কঠিন।’ আর অনির্বাণ সেই শিরদাঁড়া সোজা রেখেই চলেছেন বলেই মনে করেন অভিনেতা।
একদিকে মঞ্চে মিমিক্রি, অন্যদিকে ব্যান বিতর্কে আত্মসম্মানের প্রশ্ন, দেব আর অনির্বাণের এই যুগলবন্দি যে এখন নেটপাড়ার নতুন চর্চা, তা বলাই যায়! নাম না নিয়েও বার্তা কি পৌঁছে গেল ঠিক জায়গায়? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন!


