Aaj India Desk, কলকাতা: স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) ও আয়ুষ্মান ভারত কার্ড (Ayushman Bharat) নিয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকারের অর্থদফতর। রাজ্য সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পান, এমন কর্মী ও পেনশনভোগীদের অন্য সরকারি স্বাস্থ্য প্রকল্পের কার্ড ফেরত দিতে হবে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই নিয়মের আওতায় শুধু কর্মরত সরকারি কর্মীরাই নন, সর্বভারতীয় প্রশাসনিক পরিষেবার আধিকারিক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এবং তাঁদের পরিবারের নথিভুক্ত সদস্যরাও রয়েছেন।
অর্থদফতরের নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্য সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধা নেওয়ার পাশাপাশি অন্য সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধা রাখা যাবে না। যাঁদের কাছে স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড রয়েছে, তাঁদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেই কার্ড জমা দিতে হবে। কার্ড জমা দেওয়ার পরে তার প্রমাণপত্রও সংগ্রহ করে রাখতে হবে।
সরকারি কর্মীদের কী করতে হবে?
নির্দেশ অনুযায়ী, কার্ড ফেরত দেওয়ার পর নির্দিষ্ট ফর্মে ঘোষণাপত্র পূরণ করে তার সঙ্গে জমা দেওয়ার প্রমাণপত্র যুক্ত করতে হবে। এরপর সেই নথি সংশ্লিষ্ট দফতরের প্রধানের কাছে জমা দিতে হবে।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে সংশ্লিষ্ট পেনশন দফতরে। প্রত্যেককে নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশ না মানলে কী হতে পারে?
কার্ড ফেরত দেওয়ার নির্দেশ অমান্য করলে সমস্যায় পড়তে পারেন সংশ্লিষ্ট কর্মী ও পেনশনভোগীরা। নির্দেশ না মানলে সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতায় পাওয়া চিকিৎসার সুবিধা এবং অন্যান্য সুযোগ-সুবিধা।
কর্মরত সরকারি কর্মীদের ক্ষেত্রে এই নির্দেশ অমান্য করাকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখা হতে পারে। পরিস্থিতি অনুযায়ী, চাকরির নিয়ম মেনে বিভাগীয় তদন্ত এবং শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে।
তাই রাজ্য সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় থাকা কর্মী, আধিকারিক ও পেনশনভোগীদের ৩১ অক্টোবরের মধ্যে কার্ড ফেরত দেওয়া এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়ার কাজ শেষ করতে বলা হয়েছে।


