33 C
Kolkata
Tuesday, April 28, 2026
spot_img

গণতন্ত্রের উৎসবে ফের রক্তপাত! মোহনপুর সংঘর্ষে প্রাণ গেল বিজেপি কর্মীর

Aaj India Desk, পূর্ব মেদিনীপুর: গণতন্ত্রের উৎসব শেষ হওয়ার আগেই আবার রক্ত ঝরল। পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের আতলা এলাকায় রাজনৈতিক সংঘর্ষে গুরুতর জখম বিজেপি (BJP) কর্মী নগেন গিরি (Nogen Giri)-এর মৃত্যু হয়েছে। গত ২১ এপ্রিল দাঁতনের বিজেপি প্রার্থীর সমর্থনে হওয়া মিছিলে হামলার সময় তিনি আহত হন। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শেষ পর্যন্ত হার মানলেন এই যুবক। ভোটের দ্বিতীয় দফার ঠিক আগেই তাঁর মৃত্যু ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ বেড়েছে।

ঘটনাটি ঘটে গত ২১ এপ্রিল, মঙ্গলবার। বিজেপির দাবি, সেদিন পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরের কাছে আতলা এলাকায় তাদের প্রার্থীর সমর্থনে বড় একটি বাইক মিছিল বের হয়েছিল। সেই মিছিলে যোগ দিতে পূর্ব মেদিনীপুরের এগরা থেকে গিয়েছিলেন নগেন গিরি।

অভিযোগ, মিছিল যখন আতলা এলাকা পার হচ্ছিল, তখন আচমকা লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে একদল দুষ্কৃতী হামলা চালায়। বিজেপির অভিযোগ, হামলাকারীরা তৃণমূল (TMC)-এর আশ্রিত লোকজন। হঠাৎ হামলায় মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। প্রার্থী-সহ অনেক কর্মী ও সমর্থক মার খেয়ে জখম হন। সেই সময় নগেন গিরিকেও টার্গেট করা হয় বলে অভিযোগ। তাঁর মাথা ও শরীরে রড এবং লাঠি দিয়ে মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় তিনি রাস্তায় পড়ে যান।

হামলার পর সঙ্গীরা দ্রুত নগেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। শুরু থেকেই তাঁর শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। চিকিৎসকদের কথায়, মাথায় গুরুতর চোট লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। কয়েকদিন ভেন্টিলেশনে থাকার পর মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।

নগেন গিরি পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে। পরিবার, আত্মীয় ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। নগেন গিরির দেহ গ্রামে আনা হলে আবেগঘন পরিস্থিতি তৈরি হয় এবং অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। বিজেপি নেতৃত্ব তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। এগরার বিজেপি নেতা ও বহু কর্মী তাঁর বাড়িতে গিয়ে মালা দিয়ে শ্রদ্ধা জানান। পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, নগেন দলের একনিষ্ঠ কর্মী ছিলেন। তাঁর এই ত্যাগ দল ভুলবে না। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানানো হয়েছে।

এই মৃত্যু ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র বাগযুদ্ধ শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, ভোটে হারার ভয়ে তৃণমূল হিংসার রাস্তা নিয়েছে। বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক স্বরূপ দাস বলেন,”তৃণমূল হারার ভয়ে এখন খুনের রাজনীতি করছে। আমাদের কর্মী নগেন গিরি শুধু মিছিলে গিয়েছিলেন। তাঁকে যেভাবে পিটিয়ে মারা হল, তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশ চুপ করে আছে। আমরা বিচার চাই। নগেনের রক্ত বৃথা যেতে দেব না।”

অন্যদিকে তৃণমূল এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। তাদের দাবি, এটি বিজেপির নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল হতে পারে, অথবা ব্যক্তিগত শত্রুতার ঘটনাও হতে পারে। ভোটের আগে অশান্তি ছড়াতেই বিজেপি বিষয়টিকে রাজনৈতিক রং দিচ্ছে বলে পালটা অভিযোগ তৃণমূলের।

উল্লেখ্য, আগামীকালই দ্বিতীয় দফার ভোট। তার আগে নগেন গিরির মৃত্যুতে এগরা ও মোহনপুর লাগোয়া এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। যাতে কোনও অশান্তি না হয়, তার জন্য এলাকায় বড় পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত এগোবে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন