Aaj lndia Desk,কলকাতা: সুরক্ষিত ও নির্ভরযোগ্য বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে অন্যতম জনপ্রিয় মাধ্যম হল India Post Payments Bank। এর মধ্যে রেকারিং ডিপোজিট (RD) স্কিমটি বিশেষভাবে জনপ্রিয়, কারণ এতে খুব অল্প টাকা দিয়েও নিয়মিত সঞ্চয় শুরু করা যায়।
পোস্ট অফিস RD অ্যাকাউন্ট মাত্র ১০০ টাকা দিয়ে খোলা সম্ভব। এখানে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে হয় এবং স্কিমের সাধারণ মেয়াদ ৫ বছর। চাইলে এই মেয়াদ আরও ৫ বছর বাড়ানো যায়। এই স্কিমে সুদের হার চক্রবৃদ্ধি ভিত্তিতে গণনা করা হয়, ফলে দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন পাওয়া যায়।
ধরা যাক কেউ প্রতিদিন ৩৩৩ টাকা সঞ্চয় করছেন, তাহলে মাসে প্রায় ১০,০০০ টাকা জমা হবে। সেই হিসাবে ৫ বছরে মোট বিনিয়োগ দাঁড়ায় প্রায় ৬ লক্ষ টাকা। বর্তমান সুদের হার অনুযায়ী ৫ বছর শেষে মোট পাওয়া যেতে পারে প্রায় ৭ লক্ষ ১৩ হাজার ৬৫৯ টাকা। এর মধ্যে সুদ হিসেবে লাভ হবে প্রায় ১ লক্ষ ১৩ হাজার টাকার বেশি।
যদি এই স্কিম আরও ৫ বছর চালু রাখা হয়, তাহলে মোট ১০ বছরে জমার পরিমাণ দাঁড়াবে প্রায় ১২ লক্ষ টাকা। চক্রবৃদ্ধি সুদের কারণে ১০ বছর শেষে মোট রিটার্ন হতে পারে প্রায় ১৭ লক্ষ ৮ হাজার ৫৪৭ টাকা। অর্থাৎ বিনিয়োগকারীরা সুদ হিসেবে পেতে পারেন প্রায় ৫ লক্ষ টাকার বেশি লাভ।
এই স্কিমের আরেকটি বড় সুবিধা হল, অ্যাকাউন্ট খোলার এক বছর পর জরুরি পরিস্থিতিতে জমার টাকার ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ পাওয়া যায়। ফলে এটি শুধু সঞ্চয় নয়, প্রয়োজনে আর্থিক সহায়তার মাধ্যম হিসেবেও কাজ করে।
বিশেষজ্ঞদের মতে, সরকারি গ্যারান্টিযুক্ত এই ধরনের স্কিম দীর্ঘমেয়াদে নিরাপদ বিনিয়োগের জন্য উপযুক্ত। তবে বিনিয়োগের আগে সুদের হার ও নিয়ম ভালোভাবে জেনে নেওয়া উচিত।


