Aaj lndia Desk,কলকাতা: পশ্চিমবঙ্গ গঠনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে আলোচনা জোয়ার । রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় তারই আহ্বান জানিয়েছে। শুক্রবার ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ শতবার্ষিকী হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, বাংলার ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ মানুষের সামনে সেভাবে তুলে ধরা হয়নি। তাঁর দাবি, দেশভাগের সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি বলেন, পশ্চিমবঙ্গ কীভাবে তৈরি হয়েছিল এবং সেই সময় কী কী ঘটনা ঘটেছিল, তা নতুন প্রজন্মের জানা দরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষও। তিনি বলেন, দেশভাগের সময় কলকাতাকে ভারতের অংশ হিসেবে রাখার ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ অবদান ছিল। তাই তাঁর ভূমিকা নিয়ে আরও আলোচনা হওয়া প্রয়োজন। রাজ্য সরকারের উদ্যোগে ১৯ জুন থেকে ২৬ জুন পর্যন্ত রাজ্যের স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করা হচ্ছে। এছাড়া, ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ’ পালনেরও ঘোষণা করা হয়েছে। এই সময় রাজ্যজুড়ে বিভিন্ন আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বিধানসভায় শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, দেশভাগ, গ্রেট ক্যালকাটা কিলিং এবং পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত। একই মত প্রকাশ করেন বিধায়ক শঙ্কর ঘোষও।তবে শিক্ষামন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, কোনও নির্দিষ্ট মত চাপিয়ে দেওয়া হবে না। তিনি চান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও অবদান নিয়ে সবাই খোলাখুলি আলোচনা করুক। তাঁর মতে, তথ্যভিত্তিক আলোচনা থেকেই ইতিহাসের আসল সত্য সামনে আসবে।


