Aaj India Desk, কলকাতা:প্রথম দফার ভোটের আগে ভোটার তালিকা (Voter List) সংশোধন ও যাচাই প্রক্রিয়া নিয়ে কড়া অবস্থান নিল ট্রাইবুনাল। অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে সঠিকভাবে নোটিস পাঠিয়ে সংশ্লিষ্ট ভোটারকে নিজের বক্তব্য জানানোর সুযোগ না দিয়ে কোনওভাবেই তালিকা থেকে নাম বাদ দেওয়া যাবে না।কমিশন সূত্রে জানা গিয়েছে, পোর্টালে জমা পড়া আবেদনকারীদের এনুমারেশন ফর্ম ও লিঙ্ক সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে, আবেদনকারীর নাম তাঁর বাবা বা মায়ের সঙ্গে যুক্ত কি না, সেই প্রমাণ মিললেই বিচারপতিরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে মামলার নিষ্পত্তি করছেন।
স্বচ্ছতা ও নজরদারিতে কড়া ট্রাইবুনাল
ভোটার তালিকা যাচাই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে প্রতিদিন লগ-ইন করে গড়ে ১০টি করে মামলার নিষ্পত্তি করছেন বিচারপতিরা। প্রতিটি সিদ্ধান্তে স্বচ্ছতা নিশ্চিত করতে পোর্টালে ২ হাজার ক্যারেক্টারের মধ্যে স্পষ্টভাবে জানানো হচ্ছে কেন কোনও আবেদন ‘গ্রহণ’ (allow) বা ‘খারিজ’ (reject) করা হল।
সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের নির্দেশ
জানা গিয়েছে, সোমবার পর্যন্ত যেসব মামলার নিষ্পত্তি সম্পন্ন হবে, সেগুলির ভিত্তিতে একটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। এই তালিকায় যাঁদের নাম থাকবে, তাঁরাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে এই তালিকায় আলাদা করে ‘বাদ পড়া’ ভোটারদের নাম উল্লেখ করা হবে না।
মহিলাদের বাদ পড়া নিয়ে উদ্বেগ
যাচাই প্রক্রিয়ার সময় একাধিক নথি খতিয়ে দেখে বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতিরা। বিশেষ করে, তালিকা থেকে বাদ পড়া ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা রয়েছেন বলে জানা গেছে। এই বিষয়টি সামনে আসার পর প্রতিটি ক্ষেত্রে যথাযথ নোটিস পাঠানোর নির্দেশ আরও জোরদার করা হয়েছে, যাতে প্রশাসনিক ত্রুটির কারণে কোনও বৈধ ভোটার অন্যায়ভাবে তালিকা থেকে বাদ না পড়েন।


