Aaj lndia Desk, কলকাতা: দুর্গাপুজোকে কেন্দ্র করে পুজো কমিটিগুলির জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার মিলন মেলা প্রাঙ্গণে কলকাতার বিভিন্ন দুর্গাপুজো কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবারের পুজোয় সরকারি অনুদান, বিদ্যুৎ মাশুল, মণ্ডপ উদ্বোধন এবং কার্নিভাল সব ক্ষেত্রেই নয়া সিদ্ধান্তের কথা সামনে এসেছে।
এবার সরকারি অনুদান ১ লক্ষ টাকা
বৈঠকে জানানো হয়েছে, যে সমস্ত পুজো কমিটি সরকারি আর্থিক সহায়তার জন্য আবেদন করবে, তাদের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। গত বছর সরকারি অনুদানের পরিমাণ ছিল ১ লক্ষ ১০ হাজার টাকা। ফলে এবার অনুদানের অঙ্ক ১০ হাজার টাকা কমল।
তবে এই অনুদান নেওয়া বাধ্যতামূলক নয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যে কমিটির সরকারি সাহায্যের প্রয়োজন রয়েছে, তারা নিয়ম মেনে আবেদন করতে পারে। অন্যদিকে আর্থিকভাবে স্বচ্ছল বা বড় বাজেটের পুজো কমিটিগুলিকে সরকারি অনুদান না নেওয়ার আবেদনও করেছেন তিনি।
বিদ্যুৎ মাশুলে মিলবে ১০০ শতাংশ ছাড়
অনুদানের অঙ্ক কমলেও পুজো কমিটিগুলির জন্য বড় সুবিধার ঘোষণা হয়েছে বিদ্যুৎ খরচে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, দুর্গাপুজোর সময় পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ মাশুলে ১০০ শতাংশ ছাড় দেওয়া হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ সংস্থাগুলির সঙ্গে কথাও বলা হয়েছে বলে বৈঠকে জানানো হয়েছে।
মহালয়ার আগে মণ্ডপ বা প্রতিমা উদ্বোধন নয়
এবার পুজোর উদ্বোধন নিয়েও নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। মাতৃপক্ষ শুরুর আগে, অর্থাৎ মহালয়ার পূর্বে কোনও পুজো মণ্ডপ বা প্রতিমার উদ্বোধন করা যাবে না। ফলে মহালয়ার আগে উদ্বোধনের যে প্রবণতা সাম্প্রতিক সময়ে দেখা যায়, এবার তাতে লাগাম টানল সরকার।
এবার হবে না দুর্গাপুজো কার্নিভাল
আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল, চলতি বছরে রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুজোর কার্নিভাল আয়োজন করা হবে না। তবে পুজোর সেরা উদ্যোগগুলিকে সম্মান জানাতে ‘শারদ সম্মান’ প্রদান অনুষ্ঠান আগের মতোই আয়োজন করা হবে।
সব মিলিয়ে, অনুদানের অঙ্ক কমলেও বিদ্যুৎ মাশুলে সম্পূর্ণ ছাড়, উদ্বোধনের সময়সীমা এবং কার্নিভাল নিয়ে এবারের দুর্গাপুজোয় একাধিক পরিবর্তন আনল রাজ্য সরকার।


