Aaj India Desk, কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা নিয়ে উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর। রাজ্যের দাবি, ইতিমধ্যেই প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তবে এখনও যাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছয়নি, তাঁদের জন্য ক্লেম (Claim) করার সুযোগ রাখা হয়েছে। ক্লেম জমা দেওয়ার পর উপভোক্তার তথ্য যাচাই (Verify) করা হবে। সেই প্রক্রিয়া শেষ হলে যোগ্যদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, অগস্ট মাসেই ১ কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে গিয়েছে। জুন মাসে প্রায় ২৮ লক্ষ মহিলা টাকা পেয়েছিলেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, প্রয়োজন হলে আরও ২০ থেকে ৩০ লক্ষ মহিলাকে এই প্রকল্পের আওতায় এনে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।
অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে কথা বলতে গিয়ে লক্ষ্মীর ভান্ডার (Lokkhir Vandar) প্রসঙ্গও তুলে ধরেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, ২০২১ সালে লক্ষ্মীর ভান্ডারে মাসে ৫০০ টাকা করে দেওয়ার ক্ষেত্রেও অনেকটা সময় লেগেছিল। পরে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সেই অর্থ বাড়িয়ে ১০০০ টাকা করা হয়। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে তা আরও বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়েও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলেন শুভেন্দু। তিনি বলেন, “যেখানে যেখানে বিজেপি জিতেছিল, সেখানকার মহিলাদের বিগত দিনের ৫০০ টাকার লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়নি।”
অন্যদিকে, অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, প্রকৃত উপভোক্তারা যাতে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা হবে। তাঁর কথায়, “১ কোটি ৪৫ লক্ষ মহিলা অগস্টে টাকা পেয়েছেন। জুনে ২৮ লক্ষ পেয়েছিলেন। কথা দিয়ে গেলাম যাঁরা সামান্য ভাতার উপর নির্ভর করেন, বা প্রকৃতি পাওয়ার হকদার, আরও ২০-৩০ লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব।”এরপর বিরোধীদের আন্দোলন নিয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কিন্তু ধমক চমক দিয়ে রিলস বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে আর ২০ জন লোককে রাস্তায় নামিয়ে, হেরে যাওয়া তৃণমূলের বুদ্ধি চলবে না।”
ফলে অন্নপূর্ণা যোজনার টাকা এখনও না পাওয়া মহিলাদের ক্ষেত্রে এখন মূল বিষয় হল ক্লেম করা এবং ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়া। যোগ্যতা যাচাইয়ের পরই টাকা পাওয়ার পথ খুলবে। পাশাপাশি আরও ২০ থেকে ৩০ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন বলেও ইঙ্গিত মিলেছে।


