29 C
Kolkata
Tuesday, August 25, 2026
spot_img

‘ককরোচ’-এর পরে এবার ‘কুত্তা’! প্রশ্নফাঁসের অভিযোগে উত্তপ্ত পটনা, ব্যারিকেড ভাঙল ছাত্ররা

Aaj India Desk, বিহার: বিহারে, বিহার পাবলিক সার্ভিস কমিশন (BPSC) পরীক্ষা ঘিরে বিতর্ক যেন থামছেই না। পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের (Paper Leak) অভিযোগকে কেন্দ্র করে চাকরিপ্রার্থীদের আন্দোলনের মধ্যেই এবার নতুন করে বিতর্কে জড়ালেন বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক রাজেশ কুমার সিং (Rajesh Kumar Singh)। তাঁর একটি মন্তব্যকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে আন্দোলনরত পড়ুয়াদের মধ্যে।

এর আগে বেকার যুবকদের একাংশকে ‘ককরোচ’ বলার অভিযোগ ঘিরে তৈরি হয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’। এবার সেই প্রসঙ্গের পরই সামনে এসেছে ‘কুত্তা’ বিতর্ক। BPSC পরীক্ষা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজেশ কুমার সিং বলেন, “হাতি চলে বাজার, কুকুর ভোঁকে হাজার।” তাঁর বক্তব্যের অর্থ, সমালোচনা বা প্রতিবাদ চলতেই পারে, কিন্তু তাতে নিজের কাজ থামিয়ে দেওয়া উচিত নয়।

এই মন্তব্য সামনে আসতেই আন্দোলনরত চাকরিপ্রার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। বিক্ষোভকারীরা নতুন করে স্লোগান দিতে শুরু করেন। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ‘চোর’ স্লোগানের পাশাপাশি BPSC পরীক্ষা নিয়ন্ত্রক রাজেশ কুমার সিংয়ের বিরুদ্ধেও সরব হন তাঁরা।

কোথায় এবং কখন বিক্ষোভ?

BPSC পরীক্ষা বাতিলের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলনে রয়েছেন বিহারের চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার পটনার গর্দানিবাগ এলাকায় পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আন্দোলনকারীদের একাংশ ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই আন্দোলনকে ঘিরে রাজনৈতিক চাপও বাড়ছে। বিরোধী দলগুলি ইতিমধ্যেই চাকরিপ্রার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে।

কী বলছেন বিহারের শিক্ষামন্ত্রী?

আন্দোলন নিয়ে বিহারের শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারির দাবি, পড়ুয়াদের যেসব বিষয় নিয়ে আপত্তি ছিল, তার প্রায় সবগুলিই সরকার ইতিমধ্যে সমাধান করেছে। তাঁর বক্তব্য, শুধুমাত্র আন্দোলনের চাপেই যে সমস্যাগুলির সমাধান হয়েছে, বিষয়টি এমন নয়। সরকারের লক্ষ্যই হল সময়মতো রাজ্যের যুবসমাজের সমস্যার সমাধান করা।

মন্ত্রী আরও জানান, পড়ুয়াদের নতুন কোনও সমস্যা বা দাবি থাকলে সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারেন তাঁরা। তাঁর কথায়, সরকারের দরজা ছাত্রদের জন্য খোলা রয়েছে।

BPSC বিতর্কে তেজস্বী যাদবের চিঠি

BPSC পরীক্ষা নিয়ে এবার সরব হয়েছেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদবও। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে চিঠি দিয়ে তিনি আন্দোলনরত চাকরিপ্রার্থীদের দাবিগুলি গুরুত্ব দিয়ে দেখার আবেদন জানিয়েছেন। দ্রুত পরিস্থিতি সামাল দিতে সরকারের সঙ্গে বিক্ষোভকারীদের আলোচনায় বসার কথাও বলেছেন তিনি।

তেজস্বীর দাবি, TRE 4 পরীক্ষা যেন একটিমাত্র পরীক্ষার মাধ্যমেই সম্পন্ন করা হয়। পাশাপাশি BPSC সিভিল সার্ভিসেসের মেইন পরীক্ষা ও ইন্টারভিউয়ে হিন্দিভাষী পরীক্ষার্থীদের সঙ্গে বৈষম্যের যে অভিযোগ উঠেছে, সেটিও দ্রুত খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি।

তেজস্বীকে পাল্টা আক্রমণ শিক্ষামন্ত্রীর

তেজস্বীর এই বক্তব্যের পর তাঁকেও পাল্টা আক্রমণ করেছেন শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি। তিনি প্রশ্ন তোলেন, যিনি নিজেই বোর্ড পরীক্ষা দেননি, তিনি কীভাবে পরীক্ষার পদ্ধতি নিয়ে পরামর্শ দিচ্ছেন?
তেজস্বীকে কটাক্ষ করে মন্ত্রী বলেন, আগে বিহার সরকারের কোনও স্কুলে ভর্তি হয়ে দশম শ্রেণির পরীক্ষা পাশ করুন, তারপর পরীক্ষা নিয়ে পরামর্শ দিতে আসুন।

তবে একইসঙ্গে আন্দোলনরত পড়ুয়াদের উদ্দেশে আলোচনার বার্তাও দিয়েছেন শিক্ষামন্ত্রী। তাঁর দাবি, চাকরিপ্রার্থীদের প্রায় সব দাবিই সরকার মেনে নিয়েছে। নতুন কোনও সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে তার সমাধান করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন