29 C
Kolkata
Tuesday, August 25, 2026
spot_img

পুলিশি হেনস্থা থেকে গ্রেফতারি! ‘ককরোচ’ সমর্থকদের বিনামূল্যে আইনি সহায়তায় দেশজুড়ে প্ল্যাটফর্ম চালু

Aaj India Desk, নয়াদিল্লি: উন্নত শিক্ষা ব্যবস্থার দাবিতে আন্দোলনে নেমে পুলিশি বাধা, হেনস্থা বা আইনি সমস্যার মুখে পড়তে পারেন আন্দোলনকারীরা। এবার সেই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। মঙ্গলবার দেশজুড়ে চালু হল সংগঠনের নিজস্ব লিগ্যাল এইড প্ল্যাটফর্ম‌ (CJP legal aid platform)। CJP-র দাবি, তাদের সমর্থক ও স্বেচ্ছাসেবকদের জন্য এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।

মঙ্গলবার এক্স (X) হ্যান্ডেলে প্ল্যাটফর্মটি চালুর কথা জানায় CJP। সংগঠনের তরফে বলা হয়েছে, উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে আন্দোলন করতে গিয়ে কোনও স্বেচ্ছাসেবক হেনস্থা, ভয় দেখানো বা হিংসার শিকার হলে দ্রুত এই প্ল্যাটফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। আইনি প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

CJP-র লিগ্যাল অ্যাফেয়ার্স সেলের প্রধান রত্না সিংও এই উদ্যোগের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। তাঁর বক্তব্য, এই ওয়েবসাইট শুধু একটি অনলাইন পরিষেবা নয়, বরং সারা দেশে একটি আইনি সহায়তার নেটওয়ার্ক গড়ে তোলার প্রথম ধাপ। কোনও CJP সমর্থক বা স্বেচ্ছাসেবক যাতে আইনি সমস্যায় একা হয়ে না পড়েন, সেটাই তাঁদের মূল লক্ষ্য।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই রাজ্যসভার সাংসদ ও প্রবীণ আইনজীবী কপিল সিব্বল এবং CJP-র মুখপাত্র সৌরভ দাস জানিয়েছিলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপের তথ্য রাখার পাশাপাশি তাঁদের সহায়তার জন্য একটি বিশেষ ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। সেই ঘোষণার প্রায় এক মাসের মধ্যেই চালু হল প্ল্যাটফর্মটি।

জানা গিয়েছে, এই ওয়েবসাইটে আইনি সাহায্যপ্রার্থী এবং পরিষেবা দিতে আগ্রহী আইনজীবী—দুই পক্ষকেই নিজেদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কোনও ব্যক্তি আইনি সাহায্য চাইলে তাঁকে প্রথমে কয়েকটি প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর তাঁর অবস্থানের কাছাকাছি থাকা যাচাই করা কোনও আইনজীবীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার ব্যবস্থা থাকবে। সেই আইনজীবীর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে নিজের সমস্যার বিস্তারিত জানাতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি।

CJP-র দাবি, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ নেওয়ার জন্য কোনও টাকা দিতে হবে না। পাশাপাশি জরুরি পরিস্থিতির জন্য রাখা হয়েছে বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর, ই-মেল এবং রিকোয়েস্ট ফর্ম। কোনও স্বেচ্ছাসেবক বা সমর্থক হঠাৎ গ্রেফতার বা আটক হলে দ্রুত এই মাধ্যমগুলির সাহায্যে সংগঠনের সঙ্গে যোগাযোগ করা যাবে। গ্রেফতারের সময় একজন নাগরিকের কী কী আইনি অধিকার রয়েছে, সেই বিষয়েও ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে।

এই প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা প্রকাশ্যে আসার সময়ই কপিল সিব্বল আর্থিক সহায়তার ঘোষণা করেছিলেন। জানা যায়, লিগ্যাল এইড প্রকল্পের জন্য তিনি নিজে ১ কোটি টাকা অনুদান দেওয়ার কথা জানিয়েছিলেন। একইসঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের আইনজীবীদেরও এই উদ্যোগে আর্থিক ও পেশাগতভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

সিব্বলের পরিকল্পনা ছিল, এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে দেশের বিভিন্ন এলাকার আইনজীবীরা নিজেদের নাম, অবস্থান এবং কোন ধরনের আইনি পরিষেবা দিতে চান, তা নথিভুক্ত করতে পারবেন। সেই পরিকল্পনাই এবার বাস্তবে রূপ পেল।

CJP-র এই উদ্যোগে আন্দোলনকারীরা আইনি সমস্যার সময়ে দ্রুত সহায়তা পাবেন বলেই দাবি সংগঠনের। একইসঙ্গে এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে সংগঠনের আইনি সহায়তার পরিকাঠামোও আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন