30.7 C
Kolkata
Thursday, August 13, 2026
spot_img

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন! নেতাজিকে অপমানের দায়ে ধৃত এক, সরানো হলো ১০৮ টি পোস্ট!

Aaj India Desk, কলকাতা : গত দুই মাস ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুকে (Netaji Subhas Chandra Bose) নিয়ে সমাজমাধ্যমে আপত্তিকর ও অসম্মানজনক মন্তব্যের জেরে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। সেই প্রেক্ষিতেই এবার কড়া পদক্ষেপ নিলো রাজ্য পুলিশ। এখনও পর্যন্ত ছ’টি এফআইআর এর ভিত্তিতে গ্রেপ্তার করা হলো উত্তর দিনাজপুরের কিরণকুমার দাস নামক এক যুবককে। পাশাপাশি নেতাজিকে নিয়ে অবমাননাকর ১০৮টি পোস্ট সমাজমাধ্যম থেকে সরানো হয়েছে।

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই তৎপরতা

সম্প্রতি বিজেপির সাংসদ অনন্ত মহারাজ ও শমীক ভট্টাচার্য নেতাজি সুভাষচন্দ্র বসুকে (Netaji Subhas Chandra Bose) নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এরপরেই সমাজমাধ্যমে নেতাজিকে ঘিরে একাধিক আপত্তিকর পোস্ট দেখা যায়। এই পরিস্থিতিতে বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দেন, নেতাজিকে নিয়ে অসম্মানজনক বা মিথ্যা প্রচারের ক্ষেত্রে সরকার কোনও রকম ছাড় দেবে না।সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “যারা সোশাল মিডিয়ায় নেতাজি নিয়ে অপমানজনক, মিথ্যা, অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, পুলিশকে তাদের গ্রেপ্তারের নির্দেশ দিচ্ছি।” কারুর নাম না নিলেও তিনি বলেন, “কেউ আইনের ঊর্ধ্বে নয়।”

মুখ্যমন্ত্রী আরও জানান, আপত্তিকর পোস্ট মুছে ফেলার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে ক্ষমা চেয়ে পোস্ট করতে হবে। তবে পোস্ট ডিলিট করলেই আইনি পদক্ষেপ থেকে রেহাই মিলবে না বলেও স্পষ্ট করেন তিনি।।তাঁর কথায়, “অসম্মানজনক পোস্ট ডিলিট করতে হবে। তবে ডিলিট করে দিলেই যে তিনি ছাড় পাবেন তা নয়। পুলিশ নির্দিষ্ট নিয়মানুযায়ী ব্যবস্থা নেবে।”

ছ’টি মামলা, গ্রেপ্তার কিরণকুমার

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই সমাজমাধ্যমে নেতাজিকে (Netaji Subhas Chandra Bose) নিয়ে আপত্তিকর পোস্টের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করে পুলিশ। এখনও পর্যন্ত ছ’টি এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। এই মামলাতেই উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার ঝাড়বাড়ি এলাকার বাসিন্দা কিরণকুমার দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সমাজমাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করেছিলেন বলে অভিযোগ করে পুলিশ।

পুলিশ হেফাজতে নিয়ে জেরার প্রস্তুতি

ইসলামপুরের পুলিশ সুপার রাকেশ সিং জানিয়েছেন, ধৃতকে জেরা করে ঘটনার বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করা হবে। তাঁকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ওই পোস্টের পেছনে কী প্রেক্ষাপট ছিল এবং এর সঙ্গে আর কেউ যুক্ত রয়েছেন কি না।

সরানো হয়েছে ১০৮টি পোস্ট

নেতাজিকে নিয়ে অবমাননাকর ১০৮টি পোস্ট ইতিমধ্যেই সমাজমাধ্যম থেকে সরানো হয়েছে। পোস্টগুলির উৎস, সংশ্লিষ্ট অ্যাকাউন্ট এবং এর পিছনে কোনও সংগঠিত প্রচার ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এখন সেই পোস্টগুলির ভিত্তিতে দায়ের হওয়া মামলাগুলির তদন্ত কতদূর এগোয় এবং আরও কেউ গ্রেপ্তার হন কি না, সেদিকেই থাকবে নজর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন