Aaj India Desk, কলকাতা: রাজ্যে শিক্ষক বদলির (Teacher Transfer) নিয়মে বড় পরিবর্তন আনার পথে হাঁটছে রাজ্য সরকার (State Government)। নতুন নিয়ম চালু হলে শিক্ষকরা (Teachers) আর নিজেদের পছন্দমতো স্কুল বেছে নিয়ে বদলির আবেদন করতে পারবেন না। তার বদলে কোন স্কুলে কতজন পড়ুয়া রয়েছে এবং সেখানে কতজন শিক্ষকের প্রয়োজন, সেই বিষয়গুলি বিবেচনা করেই বদলির সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সূত্রের খবর, ইতিমধ্যেই নতুন বদলি নীতি তৈরির কাজ শুরু করেছে রাজ্য শিক্ষা দফতর। দীর্ঘদিন ধরে রাজ্যে শিক্ষক বদলির জন্য একাধিক নিয়ম চালু রয়েছে। ২০১২ সালের মিউচুয়াল ট্রান্সফার, ২০১৫ সালের জেনারেল ট্রান্সফার, স্পেশাল গ্রাউন্ড ও রি-অ্যালোকেশন এবং ২০১৮ সালের বদলি সংক্রান্ত বিধিতে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে ২০২১ সালে চালু হওয়া উৎসশ্রী পোর্টালের নিয়মেও সংশোধন হতে পারে।
এতদিন বদলির আবেদনের সময় শিক্ষকরা নিজেদের পছন্দ অনুযায়ী কাছাকাছি তিনটি স্কুলের নাম দিতে পারতেন। কিন্তু নতুন নিয়মে সেই সুযোগ তুলে দেওয়া হতে পারে। পরিবর্তে সংশ্লিষ্ট স্কুলের পড়ুয়ার সংখ্যা এবং শিক্ষকের সংখ্যা মিলিয়ে দেখা হবে। কোনও স্কুলে প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষক রয়েছেন কি না, আবার কোথাও মাত্র একজন শিক্ষক দিয়ে স্কুল চলছে কি না, সেই বিষয়গুলিও গুরুত্ব পাবে।
শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, অতীতে বদলির কারণে রাজ্যের বহু স্কুলে শিক্ষক ও পড়ুয়ার সংখ্যার মধ্যে অসামঞ্জস্য তৈরি হয়েছে। কিছু স্কুলে পড়ুয়ার তুলনায় শিক্ষক বেশি রয়েছেন। আবার অনেক স্কুলে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নেই। এই সমস্যার সমাধান করতেই বদলির ক্ষেত্রে নতুন ব্যবস্থা চালুর কথা ভাবছে সরকার।
বদলির অনুমোদন দেওয়ার পদ্ধতিতেও পরিবর্তন আসতে পারে। বর্তমানে স্কুল সার্ভিস কমিশনের যে ভূমিকা রয়েছে, তার পরিবর্তে শিক্ষা দফতর সরাসরি বদলির অনুমতি দেওয়ার দায়িত্ব নিতে পারে। তবে প্রতিটি ক্ষেত্রে স্কুলের পরিস্থিতি এবং সেখানে শিক্ষকের প্রয়োজন কতটা, তা যাচাই করা হবে। এদিকে, কোনও স্কুলে প্রয়োজনের অতিরিক্ত শিক্ষক থাকলে তাঁদের কীভাবে চিহ্নিত করা হবে, তা নিয়েও নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা SOP তৈরি করা হচ্ছে। তবে বদলির আবেদন করার আগে একজন শিক্ষককে কতদিন নির্দিষ্ট স্কুলে কাজ করতে হবে, অর্থাৎ লক-ইন পিরিয়ড কতদিনের হবে, সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সূত্রের খবর, নতুন SOP নিয়ে প্রথমে আইনি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। এরপর প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর নতুন বদলি নীতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মধ্যেই রাজ্যে নতুন শিক্ষক বদলি বিধি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।


