কলকাতা: পুলিশের হেফাজতে রয়েছেন সুমিত রায় (Sumit Roy)। কিন্তু সেখানেই কি নিরাপদ তিনি? নাকি যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড় বিপদ? এমনই ভয়ংকর আশঙ্কা প্রকাশ করে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের স্ত্রী সুস্মিতা ঘোষ। তাঁর অভিযোগ, সুমিতকে নতুন কোনও মামলায় ফের পুলিশ হেফাজতে নিয়ে গিয়ে এনকাউন্টারের নামে খুন করা হতে পারে! এই অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল।
জানা গিয়েছে, শুক্রবার মানবাধিকার কমিশনে অভিযোগ জমা দেন সুস্মিতা। তাঁর অভিযোগকে গুরুত্ব দিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার-সহ একাধিক পুলিশ আধিকারিককে নোটিস পাঠিয়েছে কমিশন। পাশাপাশি সুমিতের (Sumit Roy) নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্টও চেয়েছে কমিশন।
কী আশঙ্কা সুমিতের স্ত্রীর?
সুস্মিতার দাবি, পুলিশি হেফাজতে সুমিতের (Sumit Roy) উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। তদন্তের নামে রাতের অন্ধকারে তাঁকে অপরাধস্থলে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর আশঙ্কা, এই সুযোগেই কোনও ঘটনা ঘটিয়ে পরে তাকে এনকাউন্টার বলে চালিয়ে দেওয়া হতে পারে। সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া কয়েকটি এনকাউন্টারের প্রসঙ্গও অভিযোগপত্রে উল্লেখ করেছেন তিনি।
শুধু নিরাপত্তা নয়, স্বামীর শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সুস্মিতা। তাঁর দাবি, সুমিত স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত। ঘুমোনোর জন্য বিশেষ মেশিনের প্রয়োজন হলেও সেই সুবিধা তাঁকে দেওয়া হচ্ছে না। পর্যাপ্ত ঘুমের সুযোগ থেকেও বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ।
পুলিশকে কী নির্দেশ কমিশনের?
অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার, উস্তি থানার ওসি, কালীতলা আশুতি থানার ওসি এবং ডায়মন্ড হারবার থানার আইসিকে নোটিস পাঠিয়েছে কমিশন। পুলিশ সুপারকে কমিশনের স্পষ্ট নির্দেশ, সুমিতের বিরুদ্ধে তদন্ত সম্পূর্ণ আইন মেনে করতে হবে। তাঁর সঙ্গে কোনও অমানবিক আচরণ করা যাবে না। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে। এমন পরিস্থিতি তৈরি করা যাবে না, যাতে পরিবারের সদস্যদের মনে পুলিশি হেফাজতে সুমিতের উপর নির্যাতনের আশঙ্কা তৈরি হয়। আগামী ৩০ নভেম্বর বিকেল ৩টেয় এই মামলার পরবর্তী শুনানি। তার আগেই পুলিশের কাছে রিপোর্ট চেয়েছে কমিশন।
কেন ফের পুলিশি হেফাজতে সুমিত?
উল্লেখ্য, জমি কেলেঙ্কারি মামলায় আগেই পুলিশি হেফাজতে ছিলেন অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায় (Sumit Roy)। এবার এক মৎস্য ব্যবসায়ীকে হুমকি দিয়ে তোলাবাজির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শুক্রবার আদালতে পেশ করা হলে তাঁকে আরও সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ভয় দেখানো, তোলাবাজি, চুরি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
সব মিলিয়ে সুমিতকে ঘিরে আইনি ও রাজনৈতিক বিতর্ক আরও ঘনীভূত। তবে এনকাউন্টারের আশঙ্কা সম্পূর্ণই তাঁর স্ত্রীর করা অভিযোগ। এমন কোনও ঘটনার সত্যতা এখনও প্রতিষ্ঠিত হয়নি। এখন নজর মানবাধিকার কমিশনের পরবর্তী পদক্ষেপ এবং পুলিশের জমা দেওয়া রিপোর্টের দিকে।


