29 C
Kolkata
Saturday, November 14, 2026
spot_img

নিজের ভ্রূণ নিজেই খেয়েছে বাঘিনি? বক্সায় কী ঘটেছিল? দিল্লির তদন্তে নতুন তথ্য!

Aaj India Desk, কলকাতা: যত দিন যাচ্ছে, ততই জটিল হচ্ছে বক্সার বাঘিনিকে (Buxa Tigress) ঘিরে রহস্য। কখনও তার অবস্থান অসমের দিকে বলে খবর মিলছে, আবার কখনও ভুটান সীমান্তের কাছে দেখা যাওয়ার কথা শোনা যাচ্ছে। যদিও বন দফতরের দাবি, বক্সা টাইগার রিজার্ভের (Buxa Tiger Reserve) মধ্যেই রয়েছে ডুয়ার্সের রানি।

তবে এবার বাঘিনিকে ঘিরে আরও বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ, অন্তঃসত্ত্বা অবস্থাতেই বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে বাঘিনিকে বক্সায় নিয়ে আসা হয়েছিল। এমনকী, স্থানান্তরের সময় তাকে ঘুমপাড়ানি গুলিও করা হয়। এর জেরেই কি বাঘিনির গর্ভে থাকা তিনটি শাবকের মৃত্যু হয়েছে? এই প্রশ্ন ঘিরেই বাড়ছে বিতর্ক।

সূত্রের খবর, দিল্লি থেকে আসা তদন্তকারী দলের হাতে বাঘিনির গর্ভপাতের কিছু প্রমাণ এসেছে। তদন্তকারীদের দাবি, বক্সার এনক্লোজারে একটি মৃত ভ্রূণের সন্ধান মিলেছে। পাশাপাশি, নিজের একটি মৃত ভ্রূণ এবং একটি ভ্রুণ বাঘিনিকে খেয়ে ফেলতেও দেখা গিয়েছে বলে খবর। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বন দফতরের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

কীভাবে এগোচ্ছে তদন্ত?

বক্সা টাইগার রিজার্ভের যে এনক্লোজারে বাঘিনিকে রাখা হয়েছিল, সেখানকার সমস্ত তথ্য খতিয়ে দেখছে দিল্লির তদন্তকারী দল। গত ৩০ সেপ্টেম্বর বক্সায় নিয়ে আসার পর থেকে বাঘিনির সঙ্গে কী কী ঘটেছিল, তা জানার চেষ্টা চলছে। এই বিষয়ে বক্সার আধিকারিকদের পাশাপাশি বিশেষজ্ঞ পশু চিকিৎসকদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এমনকী, যে সুড়ঙ্গ খুঁড়ে বাঘিনি এনক্লোজার থেকে বাইরে বেরিয়ে গিয়েছিল, সেই গর্তের মাপ এবং ছবিও সংগ্রহ করেছেন তদন্তকারীরা। বক্সার স্থানীয় একটি সূত্রের দাবি, বাঘিনির অন্তঃসত্ত্বা থাকার প্রমাণ মিলেছে। তবে বন দফতরের আধিকারিকরা এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না। তাঁদের বক্তব্য, এনটিসি-র নির্দেশিকা মেনেই সমস্ত কাজ করা হচ্ছে।

কিন্তু এখানেই উঠছে বড় প্রশ্ন। এনটিসি-র নিয়ম অনুযায়ী, অন্তঃসত্ত্বা বাঘিনিকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে বলে দাবি করা হচ্ছে। তাহলে সেই নিয়ম মেনেই কি বাঘিনিকে বক্সায় আনা হয়েছিল? নাকি নিয়মের বাইরে গিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? এখন তদন্তকারীদের নজরে সেই বিষয়টিও।

এখন কোথায় রয়েছে বাঘিনি?

এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর মিলেছে বাঘিনিকে নিয়ে। বক্সা টাইগার রিজার্ভের গদাধর বিটের গদাধর ঝোরার কাছে দেখা গিয়েছে তাকে। ওই এলাকায় রয়েছে একটি ছোট পাহাড়ি নদী। বনকর্মীদের নজরেও এসেছে বাঘিনি। পাশাপাশি, ট্র্যাপ ক্যামেরাতেও পরপর তার ছবি ধরা পড়েছে। সেই ছবিগুলি সমাজমাধ্যমে প্রকাশ করেছেন রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ। যে জায়গায় বাঘিনির দেখা মিলেছে, সেখান থেকে ভুটান সীমান্তের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এলাকাটি বক্সা টাইগার রিজার্ভের অনেকটা ভিতরে হওয়ায় আপাতত কিছুটা নিশ্চিন্ত বন দফতর। এর আগে বাঘিনি ভুটানের দিকে চলে যাচ্ছে বলে আশঙ্কা তৈরি হয়েছিল।

বাঘিনিকে ঘিরে শুরু রাজনৈতিক তরজা

বাঘিনিকে নিয়ে বিতর্কের পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। এই ঘটনায় রাজ্যের বনমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সভাপতি মৃন্ময় সরকার। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ। তাঁর বক্তব্য, কে বা কোন কংগ্রেস কী দাবি করল, তাতে কিছু যায় আসে না। ডুয়ার্সের রানি বক্সাতেই রয়েছে এবং সে সুস্থ আছে।

অন্যদিকে, বাঘিনির রাতে ঘুরে বেড়ানোর একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন বনমন্ত্রী। ছবির সঙ্গে লেখা হয়েছে, ‘আমাদের ডুয়ার্সের রানিকে কেউ আঘাত করলে তাকে ছেড়ে দেওয়া হবে না।’ মন্ত্রীর এই বার্তা ঘিরেও নতুন করে প্রশ্ন উঠেছে। তাহলে কি বাঘিনির নিরাপত্তা নিয়ে কোনও আশঙ্কা রয়েছে? লোকালয়ের দিকে গেলে তার উপর হামলার ভয় করছেন বনকর্মীরা? এই বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানাননি বনমন্ত্রী।

সব মিলিয়ে, বক্সার বাঘিনিকে ঘিরে একদিকে যেমন তার অবস্থান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে, অন্যদিকে অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে স্থানান্তর এবং তিনটি ভ্রূণের মৃত্যুর অভিযোগও নতুন করে বিতর্ক তৈরি করেছে। এখন দিল্লির তদন্তে কী তথ্য সামনে আসে, সেদিকেই নজর রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন