Aaj lndia Desk,কলকাতা: রানাঘাট শাখার ট্রেনযাত্রীদের জন্য সুখবর দিল পূর্ব রেল। শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল (AC Local) ট্রেন এবার আরও পাঁচটি স্টেশনে থামবে। দীর্ঘদিন ধরে যাত্রীরা এই দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবিতে সাড়া দিল রেল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, আগামী ১৫ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই নতুন স্টপেজগুলি চালু করা হবে। এই সময়ের মধ্যে কতজন যাত্রী এই পরিষেবা ব্যবহার করছেন এবং কী ধরনের সাড়া পাওয়া যাচ্ছে, তা খতিয়ে দেখা হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে স্টপেজগুলি স্থায়ীভাবে রাখা হবে কি না।
নতুন যে পাঁচটি স্টেশনে এসি লোকাল থামবে সেগুলি হল সিমুরালি, হালিশহর, কাঁচরাপাড়া, জগদ্দল এবং ইছাপুর। শিয়ালদহ থেকে রানাঘাটগামী এবং রানাঘাট থেকে শিয়ালদহগামী দুই দিকের এসি লোকাল ট্রেনই এই স্টেশনগুলিতে থামবে।
এর ফলে ওই এলাকার হাজার হাজার নিত্যযাত্রী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। অফিসযাত্রীদের যাতায়াত আরও সহজ হবে। এতদিন এসি লোকালের সুবিধা পেতে অনেককে দূরের স্টেশনে যেতে হত। এখন নিজের কাছের স্টেশন থেকেই এসি লোকালে ওঠার সুযোগ পাবেন তাঁরা।
রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি কাঁচরাপাড়া, হালিশহর, ইছাপুর, জগদ্দল ও সিমুরালির বাসিন্দারা। তাঁদের মতে, দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হল। পাশাপাশি, সাধারণ লোকাল ট্রেনের ভিড়ও কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।
সব মিলিয়ে, পূর্ব রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা। পরীক্ষামূলক এই ব্যবস্থা সফল হলে ভবিষ্যতে নতুন স্টপেজগুলি স্থায়ী করা হতে পারে।


