Aaj India Desk , কলকাতা: পশ্চিমবঙ্গে এসআইআর (SIR) ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই নতুন করে সক্রিয় হচ্ছে বিরোধী শিবির। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)-কে কেন্দ্র করে বিরোধীদের অবস্থান কী হবে, তা নিয়ে এবার দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। সূত্রের খবর, আগামী সপ্তাহে রাজধানীতে বসতে পারে ইন্ডিয়া জোটের (INDIA Alliance) বৈঠক। সেখানে যোগ দিতে পারেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সঙ্গে দিল্লি যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
কমিশন ইস্যুতেই বিরোধীদের নজর
জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধী দলগুলির একাংশ। বিশেষ করে এসআইআর প্রক্রিয়া এবং ভোটার তালিকা সংক্রান্ত বিষয়কে সামনে রেখে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রকাশ্যে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়েছেন। এবার সংসদে এই ইস্যুতে বিরোধীদের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়েই বৈঠকে আলোচনা হতে পারে।
মমতা-বেবি যোগাযোগের পর বাড়ল জল্পনা
বৈঠকের সম্ভাবনা ঘিরে রাজনৈতিক জল্পনা আরও বেড়েছে সিপিআইএমের সাধারণ সম্পাদক এম এ বেবি (M A Baby)-র সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগের পর। সূত্রের দাবি, প্রথমে চিঠি এবং পরে ফোনে দু’জনের মধ্যে কথা হয়েছে। বিরোধীদের একজোট হয়ে কর্মসূচি নেওয়া এবং নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়ে যৌথ অবস্থান তৈরির প্রসঙ্গও আলোচনায় এসেছে বলে খবর।
জোটের বাইরের দলগুলিকেও কি পাশে টানা হবে?
সম্ভাব্য বৈঠকে শুধু ইন্ডিয়া জোটের শরিকদের উপস্থিতি থাকবে, নাকি বিজেপি-বিরোধী অন্য দলগুলিকেও আলোচনায় আনা হবে, সেটাই এখন বড় প্রশ্ন। তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) জানিয়েছেন, বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুল গান্ধী (Rahul Gandhi)-সহ একাধিক বিরোধী নেতার যোগাযোগ হয়েছে।
ফলে দিল্লির সম্ভাব্য বৈঠককে ঘিরে এখন নজর বিরোধী শিবিরের পরবর্তী কৌশলের দিকে। শেষ পর্যন্ত কারা থাকবেন এবং জ্ঞানেশ কুমার ইস্যুতে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা স্পষ্ট হবে বৈঠকের পরেই।


