Aaj India Desk, কলকাতা: বিধানসভায় বিপুল পরাজয়ের পর থেকেই তৃনমূলের অন্দরের দ্বন্দ্ব একে একে প্রকাশ্যে আসে। গতকাল তৃণমূলের প্রবীণ সাংসদ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসাযোগ্য নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের সমালোচনা করেছিলেন। সরাসরি দলের সাংসদের উপর অভিযোগ করে তিনি বলেছিলেন দলের বর্তমান পরিস্থিতির জন্য তিনিই দায়ী। সেই বক্তব্যের আজ পাল্টা জবাব দিলেন তৃনমূল সাংসদ ও বর্ষীয়ান নেতা সৌগত রায় (Saugata Roy)।
কী বললেন সৌগত রায়?
শুক্রবার দুপুরে সৌগত রায় (Saugata Roy) বলেন, দলের অবস্থা যে ভালো নয়, তা তিনি স্বীকার করছেন। লোকসভা ও বিধানসভা স্তরে কিছু নেতা দল ছেড়েছেন বলেও উল্লেখ করেন তিনি। তবে অভিষেককে ক্লিন চিট দিয়ে তিনি বলেন, “যাঁরা আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন, তাঁরাই ৪ মের আগে অভিষেকের প্রশংসা করতেন। ফলে সব কিছুর জন্য অভিষেককে দায়ী করা যায় না।” আগে কখনও তাঁরা প্রকাশ্যে এমন অসন্তোষ দেখাননি বলেও মন্তব্য করেন সৌগত। ফলে দলের পরাজয়ের পরেই এত রাগ কিভাবে জন্ম নিচ্ছে তা নিয়ে প্রশ্ন করেন তিনি।
তাঁর মতে, বর্তমান অবস্থান পরিবর্তন মূলত সুযোগসন্ধানী রাজনৈতিক আচরণেরই প্রতিফলন। বিদ্রোহী শিবিরের কারও নাম না করে সৌগত রায় বলেন, নেতৃত্বের বিরুদ্ধে যদি সত্যিই কোনও ক্ষোভ বা আপত্তি থেকে থাকে, তবে তা এতদিন দলের অভ্যন্তরে আলোচনার মাধ্যমে জানানো যেত। কিন্তু দীর্ঘদিন নীরব থাকার পর হঠাৎ দল ছেড়ে প্রকাশ্যে সমালোচনায় নামা রাজনৈতিক সুযোগসন্ধানিতারই ইঙ্গিত দেয়।
অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ একাংশের
এর আগে ১১ জুন তৃণমূলের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের সমালোচনা করেন। তিনি দাবি করেন, অভিষেকের নেতৃত্বের ধরন, আচরণ এবং সিদ্ধান্তের কারণেই দলের বর্তমান সংকট তৈরি হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, তিনি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি লড়াইয়ে অংশ নেবেন না।
শুধু তিনি একা নন, বিদ্রোহী শিবিরের একাংশের দাবি, অভিষেকের কারণেই দলের এই পরিস্থিতি। তাদের বক্তব্য, অভিষেক নানান দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন, পাশাপাশি দলীয় কর্মীদের প্রতি অবহেলা ও দুর্ব্যবহারেরও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তবে এই অভিযোগ মানতে নারাজ সৌগত (Saugata Roy)।


