Aaj India Desk, কলকাতা : বিধানসভা নির্বাচন শেষ হতেই রাজ্যের বিভিন্ন জেলায় ভোট-পরবর্তী হিংসার অভিযোগ সামনে আসছে। এই পরিস্থিতিতে রাজ্যপাল আর এন রবির (R. N. Ravi) মন্তব্য ফের ঝড় তুলেছে রাজ্য রাজনীতিতে।
১ মে থেকে মুর্শিদাবাদ, মালদা, উত্তর ২৪ পরগনা সহ বিভিন্ন জেলায় সংঘর্ষ, আক্রমণ ও সম্পত্তি ক্ষতির খবর এসেছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
কী বললেন রাজ্যপাল ?
ভোট পরবর্তী এই হিংসার ঘটনাগুলির প্রসঙ্গেই রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi) বলেন, “বাংলাতে হিংসার বিষের কোনও জায়গা নেই। আমরা পরিবর্তন দেখছি। এই ভারতকে শ্রেষ্ঠ বানাতে আমাদের প্রত্যেকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।” তিনি আরও বলেন, “যেকোনও সমস্যার সমাধান হিংসার মাধ্যমে হবে না। অহিংসার পথেই আমাদের এগোতে হবে।” পাশাপাশি রাজ্যপাল ২০৪৭ সালে স্বাধীনতার ১০০ বছর পূর্তির প্রসঙ্গ তুলে বলেন, “আমরা এমন এক ভারতের দিকে এগোচ্ছি, যা বিশ্বকে পথ দেখাবে। এই পরিবর্তনের সাক্ষী আমরা সবাই হব।”
কেনো তৈরি হলো বিতর্ক ?
রাজ্যপালের এই মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। নিরপেক্ষতার আড়ালে রাজ্যপাল বিজেপির পরিবর্তনের বার্তাকেই তুলে ধরলেন কিনা তা নিয়ে সন্দিহান বিরোধীরা। নির্বাচন-পরবর্তী সংবেদনশীল সময়ে রাজ্যপালের এই ধরনের বক্তব্য সরাসরি একটি বিশেষ দলের সমর্থন বার্তা বহন করছে বলে ধারণা বিরোধীদের।
উল্লেখ্য, রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi) (১৯৭৬ ব্যাচের প্রাক্তন আইপিএস অফিসার, কেরল ক্যাডার) মার্চ ২০২৬-এ পশ্চিমবঙ্গের ২২তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন। তামিলনাড়ুতে তাঁর আগের মেয়াদে মুখ্যমন্ত্রী স্ট্যালিনের সরকারের সঙ্গে একাধিক সংঘাত হয়েছিল, যার ফলে তাঁকে ‘হার্ডলাইনার’ নামেও অভিহিত করা হয়। এই বছরেই প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের রাজ্যপাল পদ থেকে সরে যাওয়ার পর রবিকে বাংলার রাজ্যপাল পদ দেওয়া হয়। সেই সময় থেকেই বিজেপির সাথে রাজ্যপালের সম্পর্ক নিয়ে নানান জল্পনা তৈরি হয়েছিল। আজকের মন্তব্যের পর সেই জল্পনাই তুঙ্গে উঠেছে বলে ধারণা বিশেষজ্ঞদের।


