কলকাতা: সকাল থেকে ১৪২ আসনের মধ্যে কিছু কিছু জায়গায় বিছিন্ন অশান্তির ঘটনা সামনে এলেও মোটের উপর শান্তিপূর্ণই হচ্ছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ (West Bengal Assembly Election 2026)। তবে এবারের ভোটে নজিরবিহীন মমতা (Mamata Banerjee)। সকাল ৮ টা থেকেই ঘুরে বেড়াচ্ছেন ভবানীপুরে। বিজেপির বিরুদ্ধে রিগিং-এর অভিযোগ তুলেছেন, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন।
‘রাফাল, যুদ্ধজাহাজ নামাতে বাকি রখেছে’, ভোট দিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিত্র ইনস্টিটিউশনের বুথে ভোট দেওয়ার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, “ভারতীয় সেনার রাফাল আর যুদ্ধজাহাজ মোতায়েন করা শুধু বাকি আছে, সেটাও করে দিন না। বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে যা করা উচিত, তা বাংলার বিরুদ্ধে করা হচ্ছে।”
একই সঙ্গে বিশেষ পর্যবেক্ষকদের ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর (Abhishek Banerjee) বক্তব্য, “স্পেশাল অবজার্ভারের কি এক্তিয়ার রয়েছে বাড়ি বাড়ি গিয়ে রেইড করার? তাঁদের কাজ তো নির্বাচন কমিশনকে রিপোর্ট দেওয়া।” রাজনৈতিক লড়াইয়ের ফলাফল নিয়েও আত্মবিশ্বাসী সুর শোনা যায় অভিষেকের কথায়। তিনি দাবি করেন, “দ্বিতীয় দফাতেই বিজেপির দফারফা হবে। এসব করে কোনও লাভ হবে না। তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরবে এবং ২০২১ সালের চেয়েও বেশি ভোট পেয়ে আবার ক্ষমতায় আসবে।”
পাশাপাশি, আইপিএস অফিসার অজয় পাল শর্মা-কে নিশানা করে তীব্র আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । তাঁর অভিযোগ, “উত্তর প্রদেশ থেকে এক অফিসারকে আনা হয়েছে শুধুমাত্র প্রচারের জন্য। কিন্তু উল্টে তাঁর নিজেরই ফুটেজ বেরিয়ে গিয়েছে।” অভিষেক আরও বলেন, পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের নিয়ম মেনে কাজ করছেন না। তাঁর কথায়, “এই ধরনের কোনও কৌশলই কাজে আসবে না। ব্যালট বাক্স খুললেই আসল ছবি স্পষ্ট হয়ে যাবে।” পাশাপাশি তিনি ফের দাবি করেন, তৃণমূল কংগ্রেস আগের থেকেও বেশি ভোট ও জনসমর্থন নিয়ে ক্ষমতায় ফিরবে।


