Aaj India Desk, উত্তর ২৪ পরগনা: এসআইআর (SIR) শুনানিকে কেন্দ্র করে টাকা দাবি করার অভিযোগ উঠেছে এক বিএলও (BLO)-র বিরুদ্ধে। অভিযোগ, টাকা না দেওয়ায় ভোটার স্লিপও আটকে রাখা হয়েছিল। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বনগাঁর কালুপুর গ্রাম পঞ্চায়েতের পুরাতন বনগাঁ এলাকায়। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএলও।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরাতন বনগাঁ এলাকার বাসিন্দা সুশীল বিশ্বাস এই অভিযোগ করেছেন। তাঁর দাবি, ৭০ নম্বর পার্টের বিএলও মৃন্ময় রায় তাঁদের এসআইআর শুনানির জন্য ডেকেছিলেন। সেই সময় পরিবারের তিন জনের জন্য ৩০ হাজার টাকা দাবি করা হয়। কিন্তু তিনি সেই টাকা দেননি।
সুশীল বিশ্বাসের আরও অভিযোগ, ভোটার তালিকায় নাম ওঠার পরেও নানা অজুহাতে বারবার টাকা চাইতেন বিএলও মৃন্ময় রায় (Mrinmoy Ray) শুধু তাই নয়, এসআইআর শুনানির নাম করে টাকা চাওয়ার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া ভোটার স্লিপও আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। পরে অভিযোগ জানানোর পর তাঁদের ভোটার স্লিপ দেওয়া হয়। স্থানীয় তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতির স্বামী সুভাষ শীলের দাবি, একইভাবে প্রায় ৫০ জন বৈধ ভোটারের কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে।
তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিএলও মৃন্ময় রায়। তাঁর বক্তব্য, ওই ব্যক্তির স্লিপ খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সকালে তিনি নিজেই স্লিপ পৌঁছে দিয়েছেন। তাঁর আরও দাবি, স্থানীয় তৃণমূল নেতারা পরিকল্পনা করে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন।
এদিকে বিজেপির বনগাঁ দক্ষিণ বিধানসভার কনভেনার প্রবীর রায় বলেন, তাঁরা আগেও অভিযোগ করেছিলেন যে তৃণমূলের সঙ্গে যোগসাজশ করে কিছু বিএলও সাধারণ মানুষের ভোট কেটে দিয়েছে। এবারও তৃণমূলের পথ অনুসরণ করে কাটমানি চাওয়ার অভিযোগ উঠছে।


