SPECIAL FEATURE
রাত একটা। লাইট অফ, কিন্তু স্ক্রিন অন। ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে দেখছেন বন্ধুরা ঘুরছে, কেউ রিল বানাচ্ছে, কেউ পার্টিতে। হোয়াটসঅ্যাপে গ্রুপে মেসেজও থামছে না। সবকিছুই চলছে, সবকিছুই যেন খুব ‘লাইভ’। তবু হঠাৎ মনে হয় “এত লোকের মধ্যে থেকেও কেন আমি একা?”
এই অনুভূতিটা কি শুধু আপনার? না, বরং এই প্রশ্নটাই আজকের জেন-জির খুব পরিচিত এক বাস্তবতা। আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে কানেক্টেড থাকা খুব সহজ। সোশ্যাল মিডিয়া, মেসেজিং অ্যাপ, অনলাইন কমিউনিটি, সবকিছুই হাতের মুঠোয়। কিন্তু এই সহজ যোগাযোগের মধ্যেই যেন কোথাও একটা আবেগের ফাঁক তৈরি হচ্ছে।
নিঃসঙ্গতা বলতে কী বোঝায়?
সহজ ভাষায়, এটি এমন এক মানসিক অবস্থা যেখানে মানুষ চারপাশে বন্ধু বান্ধব থাকলেও নিজেকে অন্যদের থেকে বিচ্ছিন্ন বা অপ্রাসঙ্গিক মনে করে। গবেষণা বলছে, জেন জেডের একটি বড় অংশ নিয়মিত এই ধরনের একাকীত্ব অনুভব করে। মনোবিদদের মতে, “ডিজিটাল ইন্টার্যাকশন অনেক সময় ‘গভীর সম্পর্ক’-এর জায়গা নিতে পারে না।”
বিভিন্ন গবেষণার পর্যালোচনায় দেখা গেছে, ভারতের প্রায় ৪০%–৪৮% মানুষ কোনও না কোনওভাবে একাকীত্ব অনুভব করেন। জেন জেডদের ক্ষেত্রে এই প্রবণতা আরও বেশি। বিশ্বব্যাপী সমীক্ষা অনুযায়ী, প্রায় ৭০%–এর বেশি তরুণ-তরুণী নিঃসঙ্গতা অনুভব করে।
অনলাইন ফ্রেন্ড বনাম রিয়েল কানেকশন
অনলাইনে শত শত ফলোয়ার, কিন্তু বাস্তবে কথা বলার মতো কেউ নেই। লাইক, কমেন্ট, ইমোজি এসব কি সত্যিই আমাদের ইমোশনাল প্রয়োজন মেটাতে পারে? অনলাইন বন্ধুত্ব খারাপ নয়, কিন্তু সমস্যা হয় যখন আমরা বাস্তব সম্পর্ককে অবহেলা করি। আমরা অনলাইন উপস্থিতিকেই নিজের মূল্যবোধের মাপকাঠি বানিয়ে ফেলছি। ফলে বাস্তবে যে সম্পর্কগুলো দরকার, সেগুলো ধীরে ধীরে ভেঙে পড়ছে। মনোবিদদের মতে, ভারতেও বিশেষ করে সোশ্যাল মিডিয়া, প্রতিযোগিতামূলক জীবন এবং পরিবার কাঠামোর পরিবর্তনের কারণে নিঃসঙ্গতার সংখ্যা দ্রুত বাড়ছে।
কখন বিষয়টা সিরিয়াস?
সবাই কখনও না কখনও একা লাগে, এটা স্বাভাবিক। কিন্তু কিছু লক্ষণ থাকলে সতর্ক হওয়া জরুরি:
- বারবার নিজেকে অপ্রয়োজনীয় বা অপ্রিয় মনে হওয়া
- বন্ধু বা পরিবারের সঙ্গে কথা বলতে ইচ্ছা না হওয়া
- সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত নির্ভরতা
- ঘুম, খাওয়া বা মুডে বড় পরিবর্তন
- নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করে খারাপ লাগা
মনোবিদদের মতে, এই অনুভূতিগুলো দীর্ঘদিন থাকলে তা উদ্বেগ (anxiety) বা বিষণ্নতার দিকে যেতে পারে।
“কি করা যায়?”—জীবনে ছোট কিছু বদল আনুন
১. মনের কথা বলুন :
নিজের অনুভূতি চেপে রাখবেন না। বিশ্বাসযোগ্য বন্ধু বা পরিবারের কারুর সাথে কথা বলুন। “আজ একটু খারাপ লাগছে”এর মতো সহজ কথা দিয়েও কথোপকথন শুরু করা যেতে পারে।
২. কোয়ালিটি টাইমে ফোকাস করুন :
অনলাইন চ্যাটের বদলে মাঝে মাঝে বন্ধুবান্ধবদের সাথে সামনাসামনি দেখা করুন। এক কাপ চা, একটা ছোট আড্ডা, এই সময়গুলোই আসল কানেকশন তৈরি করে।
৩. বাউন্ডারি সেট করুন :
সোশ্যাল মিডিয়া আপনার সময় বা মুড নিয়ন্ত্রণ করবে না। প্রয়োজনে “ডিজিটাল ডিটক্স” নিন, দিনে কিছু সময় অফলাইনে থাকুন।
৪. নিজেকে সময় দিন :
হবি, বই পড়া, গান শোনা,নিজের সঙ্গে সময় কাটানোও গুরুত্বপূর্ণ। একাকীত্ব আর নিঃসঙ্গতা এক জিনিস নয়, একটা সচেতন, আরেকটা কষ্টদায়ক। সচেতন ভাবে নিজের সাথে সময় কাটালে মনের নিঃসঙ্গতা কমে।
৫. প্রয়োজনে পেশাদার সাহায্য নিন :
যদি মনে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, তাহলে মনোবিদ বা কাউন্সেলরের সাহায্য নেওয়া উচিত। মনে রাখবেন, সাহায্য চাওয়াটা কোনো দুর্বলতা নয়।
নিঃসঙ্গতা কোনও রোগ বা মজা করার বিষয় নয়, এটা এক মানবিক অনুভূতি। এই হাইপার-কানেক্টেড পৃথিবীতে নিজের আবেগকে বোঝা আর যত্ন নেওয়াটাই সবচেয়ে জরুরি। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে আমরা বড্ড বেশি অনলাইন-নির্ভর হয়ে পড়েছি, নিজের মানুষদের সাথে যোগাযোগ কমিয়ে লাইক আর শেয়ারের পেছনে ছুটতে শুরু করেছি। এই অবস্থায় আসল প্রয়োজনে সুখ দুঃখের কথা ভাগ করে নেওয়ার মানুষগুলো যে হারিয়ে যাচ্ছে সেদিকে আমরা নজর দিতে ভুলে যাচ্ছি। তবে এই অনুভূতিটাও আমার-আপনার একার নয়। তাই নিজেকে দোষ না দিয়ে একটু নিজের অনুভূতিকে গুরুত্ব দিন আর ধীরে ধীরে এমন মানুষদের কাছে আসুন যারা আপনাকে সত্যিই বুঝবে।
(স্নেহা)


