Aaj India Desk, হুগলি: সোনারপুরে এক দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে উত্তেজনা ছড়ায়। ঘটনায় তাঁকে হেনস্থার শিকার হতে হয়েছে বলে অভিযোগ। অভিষেকের দাবি, ধস্তাধস্তির মধ্যে তাঁর চশমা ও বেল্ট ছিঁড়ে দেওয়া হয়েছে এবং তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনা প্রমাণ করে বাংলায় আইন-শৃঙ্খলার অবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। আগে তাঁর নিরাপত্তা তুলে দেওয়া হল, তারপর অসুস্থ চোখকে লক্ষ্য করে ইট ও ডিম ছোড়া হল। এভাবে কি রাজনীতি চলতে পারে?” তিনি আরও বলেন, “ঘটনার পিছনে মানুষের ক্ষোভ রয়েছে বলা হচ্ছে। যদি সত্যিই ক্ষোভ থাকে, তাহলে সরকার সেই পরিস্থিতি সামলাক। তর্কের খাতিরে কিছু ভুল হয়েছে ধরেও নিলে, তার জন্য কাউকে আক্রমণ করা বা মেরে ফেলার চেষ্টা করা যায় না। এমন পরিস্থিতিতে সরকারের ক্ষমতায় থাকায় উচিত নয়, অপদার্থ মুখ্যমন্ত্রী”। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করে কল্যাণের দাবি, “অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক আক্রোশ থেকেই এই ধরনের ঘটনা ঘটছে। বিরোধীরা তৃণমূলকে স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি করতে দিতে চাইছে না।”
প্রসঙ্গত, একই দিনে তৃণমূল কাউন্সিলরদের গ্রেফতারের প্রতিবাদে ডানকুনি থানায় স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দলের অন্যান্য নেতারা। কর্মসূচি শেষে ফেরার সময় বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। দুই পক্ষের মধ্যে ডাক বাগবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তাদের তৎপরতায় বড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


