Aaj India Desk, কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভার গ্রন্থাগার থেকেই নাকি উধাও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নথি! বিষয়টি সামনে আসতেই সরব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগামী ৪ ডিসেম্বর বিধানসভা খুললেই নিজে গিয়ে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন তিনি। নথি নিখোঁজের অভিযোগ সত্যি প্রমাণিত হলে এফআইআর, এমনকী সিআইডি তদন্তেরও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
কেন গুরুত্বপূর্ণ এই নথি?
১৯৪৭ সালের ২০ জুন। অবিভক্ত বাংলার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ছিল এই দিনটি। বাংলা ভাগের প্রেক্ষাপট এবং পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের ইতিহাস বুঝতে ওই দিনের বিধানসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেওয়া ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। মুখ্যমন্ত্রীর বক্তব্য, পশ্চিমবঙ্গের জন্ম ও নামকরণের ইতিহাসের অন্যতম প্রামাণ্য দলিল এই ভাষণ। অথচ বিধানসভার মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের গ্রন্থাগারেই তার নথি পাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে সরকারি নথি সংরক্ষণ ব্যবস্থা নিয়ে।
কীভাবে সামনে এল নথি উধাওয়ের ঘটনা?
ঘটনার সূত্রপাত এক গবেষণার প্রয়োজনে। মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজে ‘দেশভাগ, হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ গঠন’ শীর্ষক বক্তৃতার প্রস্তুতি নিচ্ছিলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক কৃষ্ণ সরকার। সেই সূত্রে ১৯৪৭ সালের ২০ জুনের বিধানসভা অধিবেশনের নথি খুঁজতে বিধানসভার গ্রন্থাগারে যান তিনি। কিন্তু সেখানে সংশ্লিষ্ট বইটির সন্ধান মেলেনি।
পরবর্তীতে বিধানসভার স্পিকারের দফতরের এক আধিকারিকও নথিটির খোঁজ করেন। গ্রন্থাগার কর্তৃপক্ষ জানান, বইটি বহু আগে ইস্যু করা হয়েছিল। কিন্তু তা আর ফেরত আসেনি।
কী পদক্ষেপ নেবে সরকার?
এরপর ১৯৪৭ সালের ২০ জুনের অধিবেশনের কার্যবিবরণী বা মিনিটস খুঁজে বের করে পাঠানো হয়। সোমবার নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিষয়টি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান, শ্যামাপ্রসাদের ভাষণের একটি কপি তাঁর কাছে রয়েছে। সেটি বিধানসভার রেকর্ডে জমা দেওয়া হবে। আগামী ৪ ডিসেম্বর বিধানসভা খুললে তিনি নিজে বিষয়টি খতিয়ে দেখবেন।
শুভেন্দুর (Suvendu Adhikari) বক্তব্য, নথিটি সত্যিই নিখোঁজ হয়ে থাকলে তৎকালীন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিধানসভার সচিব, সংশ্লিষ্ট আধিকারিক এবং গ্রন্থাগারিকদের বিরুদ্ধে এফআইআর করা হবে। প্রয়োজনে তদন্তভার দেওয়া হবে সিআইডিকে। অর্থাৎ, আপাতত নথির সন্ধানেই নজর সরকারের। তবে বিধানসভার গ্রন্থাগার থেকে ঐতিহাসিক নথি কীভাবে উধাও হল, আদৌ তা হারিয়েছে নাকি অন্য কোথাও সংরক্ষিত রয়েছে—সেই প্রশ্নের উত্তর এখনও অধরা।


