Aaj India Desk, নয়াদিল্লি:যুদ্ধের চাপ, মূল্যবৃদ্ধি আর কমতে থাকা জনপ্রিয়তার আবহে এবার ভোটারদের মন জয়ে বড়সড় আর্থিক প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) । নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে তাঁর ঘোষণা, রিপাবলিকানরা কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫,০০০ ডলার করে ‘ডিভিডেন্ড’ দেওয়া হবে। ডালাসে রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনে এই ঘোষণা করেন ট্রাম্প।
ভারতের ভোট-রাজনীতির সঙ্গে কেন তুলনা?
ট্রাম্পের এই ঘোষণার পরই ভারতের নির্বাচনী রাজনীতিতে প্রচলিত ‘ফ্রি’ বা কল্যাণমূলক সুবিধার প্রতিশ্রুতির সঙ্গে তুলনা শুরু হয়েছে। তামিলনাড়ুতে বহু বছর ধরেই ভোটের আগে বিভিন্ন জনমুখী সুবিধার ঘোষণা রাজনৈতিক কৌশলের অংশ হয়েছে। কালার টেলিভিশন, ভর্তুকিতে চাল, গ্যাস স্টোভ থেকে শুরু করে মিক্সার-গ্রাইন্ডার, টেবিল ফ্যান, ল্যাপটপ ও বিয়ের আর্থিক সহায়তার মতো প্রতিশ্রুতিও নির্বাচনী প্রতিযোগিতার অংশ হয়েছে।
পরবর্তী সময়ে এই প্রবণতা দেশের অন্য রাজ্যেও ছড়িয়ে পড়ে। কোথাও বিনামূল্যে বিদ্যুৎ, কোথাও জল, মহিলাদের বাসভাড়া মকুব, কৃষিঋণ ছাড় বা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর মতো প্রকল্প ভোটের প্রচারে জায়গা করে নেয়। ফলে একটি দল সুবিধা ঘোষণা করলে প্রতিদ্বন্দ্বী দলকে তার চেয়েও বড় প্রতিশ্রুতি দেওয়ার চাপ তৈরি হয়।
৫,০০০ ডলার, কিন্তু টাকা আসবে কোথা থেকে?
ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়িত হলে বিপুল অর্থের প্রয়োজন হবে। প্রায় ২৭ কোটি মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫,০০০ ডলার করে দিলে মোট ব্যয় প্রায় ১.৩৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে। তবে এই অর্থের নির্দিষ্ট উৎস বা বাস্তবায়নের বিস্তারিত পরিকল্পনা এখনও স্পষ্ট নয়। প্রস্তাবটি কার্যকর করতে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজনও হতে পারে।
আগেও ছিল ‘ডিভিডেন্ড’ ভাবনা
এটাই অবশ্য ট্রাম্পের প্রথম আর্থিক সুবিধার প্রতিশ্রুতি নয়। এর আগে ‘Doge Dividend’ এবং ট্যারিফ থেকে পাওয়া অর্থ নাগরিকদের মধ্যে ভাগ করে দেওয়ার মতো ধারণাও সামনে এনেছিলেন তিনি। কিন্তু সেগুলি বাস্তবে কার্যকর হয়নি।
ফলে এবার প্রশ্ন উঠছে নভেম্বরের নির্বাচনের আগে ৫,০০০ ডলারের এই ঘোষণা কি শুধুই রাজনৈতিক বাজি, নাকি সত্যিই বাস্তবায়নের পথে যাবে? যুদ্ধ ও অর্থনৈতিক চাপের মধ্যে এই প্রতিশ্রুতি মার্কিন ভোটারদের কতটা প্রভাবিত করে, তার উত্তর মিলবে মধ্যবর্তী নির্বাচনের ফলেই।


