32 C
Kolkata
Wednesday, August 19, 2026
spot_img

NEET-UG, UGC-NET-এর পর এবার UPSC! ৮ প্রশ্নে ‘গলদ’, ১৬ নম্বরের ভাগ্য ঝুলছে? CAT-এর নোটিসে চাপে কমিশন!

নয়াদিল্লি: প্রশ্ন ফাঁস, ভুল প্রশ্ন, পরীক্ষার নিয়ম নিয়ে সর্বভারতীয় পরীক্ষাগুলোর বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ! বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। NEET-UG থেকে UGC-NET, এবার সেই তালিকায় নাম উঠল UPSC-রও। চলতি বছরের সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার জেনারেল স্টাডিজ পেপার-১-এর আটটি প্রশ্ন নিয়ে গুরুতর অভিযোগ তুলে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের দ্বারস্থ হয়েছেন একদল পরীক্ষার্থী। তাঁদের অভিযোগ, প্রশ্নগুলির কয়েকটি ভুল, কয়েকটির কোনও সঠিক উত্তর নেই, আবার কিছু প্রশ্ন নাকি নির্ধারিত সিলেবাসের বাইরেও চলে গিয়েছে!

অভিযোগকে ঘিরে ইতিমধ্যেই আইনি টানাপোড়েন শুরু। শুনানির পর CAT-এর নয়াদিল্লি বেঞ্চ UPSC-কে অফিসিয়াল নোটিস পাঠিয়ে জবাব চেয়েছে। যদিও এখনও কোনও চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়নি। মামলার পরবর্তী শুনানি ৮ অক্টোবর।

কোন প্রশ্ন নিয়ে এত বিতর্ক?

পরীক্ষার্থীদের দাবি, ২০২৬ সালের UPSC প্রিলিমসের জেনারেল স্টাডিজ পেপার-১, সেট ‘এ’-এর ৭, ১১, ৪৫, ৬০, ৬২, ৮২, ৮৬ এবং ৯৬ নম্বর প্রশ্নে সমস্যা রয়েছে। কোথাও দেওয়া উত্তর ভুল, কোথাও আবার বিকল্পগুলির মধ্যে কোনওটিকেই সঠিক বলে মনে হচ্ছে না—এমনই অভিযোগ তাঁদের। শুধু তাই নয়, কিছু প্রশ্ন নির্ধারিত সিলেবাসের বাইরে থেকে এসেছে বলেও দাবি করেছেন মামলাকারীরা। ফলে প্রশ্নগুলি শুধরে না দিলে তাঁদের ফলাফলে সরাসরি প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা।

আর এখানেই রয়েছে সবচেয়ে বড় অঙ্ক! পরীক্ষার্থীদের দাবি অনুযায়ী, নেগেটিভ মার্কিং-সহ এই বিতর্কিত প্রশ্নগুলির সঙ্গে প্রায় ১৬ নম্বর জড়িয়ে রয়েছে। UPSC প্রিলিমসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কয়েক নম্বরই যেখানে সাফল্য আর ব্যর্থতার ব্যবধান তৈরি করে দিতে পারে, সেখানে ১৬ নম্বরের প্রশ্ন নিয়ে বিতর্ক যে কতটা গুরুত্বপূর্ণ, তা বলাই বাহুল্য।

মামলাকারীদের মধ্যে রয়েছেন শচীন তিওয়ারি-সহ আরও দু’জন পরীক্ষার্থী। তাঁদের অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যেই UPSC-র পোর্টালের মাধ্যমে প্রশ্ন ও প্রভিশনাল অ্যানসার নিয়ে আপত্তি জানিয়েছিলেন তাঁরা। কিন্তু সেই আপত্তির কোনও জবাব পাননি।

শেষ পর্যন্ত আদালতের দরজায় যেতে বাধ্য হন পরীক্ষার্থীরা। তাঁদের আবেদন, প্রশ্নগুলির উত্তর ভুল প্রমাণিত হলে সংশ্লিষ্ট উত্তরপত্র পুনর্মূল্যায়ন বা প্রয়োজনীয় সংশোধনের নির্দেশ দেওয়া হোক। এখনও অবশ্য CAT-এর তরফে UPSC-কে কোনও সংশোধনমূলক নির্দেশ দেওয়া হয়নি। আপাতত কমিশনের জবাবের অপেক্ষা। আগামী ৮ অক্টোবর মামলাটি ফের শুনবে ট্রাইবুনাল।

NEET-UG ও UGC-NET ঘিরে প্রশ্নপত্র ও পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে বিতর্কের পর এবার UPSC-র মতো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র নিয়েও আইনি প্রশ্ন উঠল। শেষ পর্যন্ত আটটি প্রশ্নে সত্যিই ভুল ছিল কি না, আর থাকলে তার প্রভাব পরীক্ষার্থীদের ফলাফলে কীভাবে পড়বে? এখন সেই উত্তরই খুঁজছে সবাই। প্রশ্ন আটটি, কিন্তু টানাপোড়েনের অঙ্ক অনেক বড়, কারণ এখানে ঝুলে রয়েছে পরীক্ষার্থীদের বহু মাসের পরিশ্রম আর ভবিষ্যতের স্বপ্ন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন