ভোপাল: NEET প্রশ্নফাঁস কাণ্ডে দেশজুড়ে তোলপাড়, শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে পথে নেমেছিল Gen Z। সেই আন্দোলনের রেশ কাটতে না কাটতেই এবার ভোপালের রাস্তায় দেখা গেল নতুন প্রজন্মের প্রতিবাদ। তবে এবার আন্দোলনের মুখ Gen Z নয়, Gen Alpha (Gen Alpha protest)!
কীসের দাবিতে সরব খুদে পড়ুয়ারা?
জানা গিয়েছে, ভোপালের ডেমোনস্ট্রেশন মাল্টিপারপাস স্কুল বা DMS-কে কেন্দ্রীয় বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাবের বিরোধিতায় রাস্তায় নেমেছে স্কুলের ছাত্রছাত্রীরা। স্কুলের বাইরে প্ল্যাকার্ড হাতে সমবেত হয়ে স্লোগান দিতে দেখা যায় তাদের (Gen Alpha protest)। বয়সে ছোট হলেও নিজেদের দাবি নিয়ে যথেষ্ট স্পষ্ট পড়ুয়ারা।
আন্দোলনকারীদের বক্তব্য, DMS শুধুমাত্র আর পাঁচটা সাধারণ স্কুল নয়। শিক্ষাক্ষেত্রে নতুন পদ্ধতি প্রয়োগ, উদ্ভাবন এবং বিভিন্ন ধরনের শিক্ষামূলক পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশ্যেই এই প্রতিষ্ঠানগুলি তৈরি হয়েছিল। ফলে অন্য কোনও প্রশাসনিক কাঠামোর সঙ্গে সংযুক্ত করা হলে DMS-এর নিজস্ব চরিত্র ও স্বাতন্ত্র্য নষ্ট হতে পারে বলে আশঙ্কা পড়ুয়াদের।
আর এখানেই উঠছে ইতিহাসের প্রসঙ্গ। ‘ডেমোনস্ট্রেশন মাল্টিপারপাস স্কুল’, যা ‘আঞ্চলিক স্কুল’ নামেও পরিচিত, ১৯৬৫ সালের ডিসেম্বর থেকে NCERT-এর অধীনে পরিচালিত হয়ে আসছে। শিক্ষাক্ষেত্রে আধুনিক ও অভিনব পদ্ধতির প্রয়োগ এবং পরীক্ষা-নিরীক্ষার লক্ষ্যেই দেশের চার শহর: ভোপাল, আজমেঢ়, মহীশূর এবং ভুবনেশ্বরে এই স্কুলগুলি প্রতিষ্ঠা করা হয়েছিল।
তাই কেন্দ্রীয় বিদ্যালয়ের সঙ্গে সংযুক্তির প্রস্তাব সামনে আসতেই ক্ষোভ তৈরি হয়েছে DMS-এর পড়ুয়াদের মধ্যে। তাদের দাবি, প্রশাসনিক কাঠামো বদলে গেলে স্কুলের স্বতন্ত্র পরিচয় এবং যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠানগুলি তৈরি হয়েছিল, তা ধাক্কা খেতে পারে। স্কুলের বাইরে প্ল্যাকার্ড হাতে পড়ুয়াদের প্রতিবাদ (Gen Alpha protest) ইতিমধ্যেই নজর কেড়েছে। নিজেদের দাবিদাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও জমা দিয়েছে আন্দোলনকারীরা। শুধু দাবি জানানোতেই থামছে না তারা। দ্রুত সেই দাবিগুলি বিবেচনা না করা হলে আন্দোলনের ঝাঁজ আরও বাড়ানোর হুঁশিয়ারিও দিয়েছে পড়ুয়ারা।
NEET কাণ্ডে Gen Z-এর প্রতিবাদ দেশজুড়ে আলোড়ন তুলেছিল। এবার ভোপালে Gen Alpha-র এই আন্দোলন নতুন করে প্রশ্ন তুলছে, শিক্ষার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তে পড়ুয়াদের মতামত কতটা গুরুত্ব পাবে? বয়স ছোট, কিন্তু প্রশ্ন বড়। আর সেই প্রশ্ন নিয়েই এবার ভোপালের রাস্তায় Gen Alpha!


