Aaj India Desk, কলকাতা : ফের বিধানসভায় বিক্ষোভের আঁচ। বুধবার বক্তব্য রাখতে উঠে প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) সঙ্গে বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির উত্তপ্ত বাক্যবিনিময় ঘিরে তুমুল হট্টগোল তৈরি হলো বিধানসভায়। বক্তব্যের শুরুতেই ফিরহাদ অভিযোগ করেন, বর্তমান সরকার বেশ কিছুদিন ধরেই সব বিষয়ে বিগত সরকারকে দায়ী করে চলেছে। এই বিষয়েই প্রতিবাদ করে নিজের বক্তব্য রাখেন তিনি। এরপরেই জোর বিতর্ক শুরু হয়।
‘কী বলতে পারব, সেটা তোমায় বলতে হবে না’
বক্তব্যের মাঝেই ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও জিতেন্দ্র তিওয়ারির মধ্যে বাদানুবাদ শুরু হয়। জিতেন্দ্রকে উদ্দেশ করে ফিরহাদ বলেন, “তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না।” এরপর দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি আরও বাড়ে।
ঠিকাদারি প্রসঙ্গেও সরব হন প্রাক্তন পুরমন্ত্রী। তাঁর অভিযোগ, ঠিকাদারি নিয়ে কথা বলা হলেও সরকারের এক আধিকারিক ‘উমেশ বাবু’-কে ঠিকাদারের সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছে। সেই বৈঠককে কেন্দ্র করে সংশ্লিষ্ট দলের কর্মীরাও বিক্ষোভ দেখিয়েছিলেন বলে দাবি করেন ফিরহাদ। ফিরহাদের এই মন্তব্যের পরই বিধানসভায় হট্টগোল শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে সভার কাজে ফেরানোর চেষ্টা করা হয়।
‘পরিষেবার উন্নয়নেই বালিকে হাওড়ায়’
জিতেন্দ্র তাঁর পুরমন্ত্রী থাকাকালীন নেওয়া পূর্ব সিদ্ধান্তের সমালোচনা করলে ফিরহাদ হাকিম (Firhad Hakim) জবাব দেন, পুরমন্ত্রী থাকাকালীন পরিষেবার উন্নয়নের স্বার্থেই বালিকে হাওড়ার মধ্যে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছিলেন তিনি। তাঁর বক্তব্য, প্রশাসনিক পরিকাঠামো ও নাগরিক পরিষেবা আরও কার্যকর করার লক্ষ্যে ওই উদ্যোগের কথা ভাবা হয়েছিল। এক্ষেত্রে তাঁর বা আগের সরকারের সমালোচনা করার কোনো অর্থ নেই বলেও জানান তিনি।
সরকার বনাম বিরোধী পক্ষের চাপানউতোর
বিধানসভায় ফিরহাদের বক্তব্যে মূলত বর্তমান সরকারের কাজ এবং পুরনো সরকারের ভূমিকা নিয়ে রাজনৈতিক চাপানউতোর উঠে আসে। প্রাক্তন পুরমন্ত্রীর অভিযোগ, উন্নয়ন ও পরিষেবার প্রশ্নে বর্তমান সরকার বারবার আগের সরকারকে দায়ী করছে। পাল্টা সরকারি পক্ষের বিধায়করা প্রতিবাদ করায় দু পক্ষের তীব্র বাকযুদ্ধ তৈরি হয়। ঘটনার জেরে কিছুক্ষণের জন্য বিধানসভার অধিবেশনও বন্ধ থাকে।


