Aaj India Desk,নয়াদিল্লি: ইয়েমেনের পশ্চিম উপকূলে লোহিত সাগরে বড়সড় হামলার শিকার হল একটি ভারতীয় পণ্যবাহী জাহাজ। মঙ্গলবার হাউথি-নিয়ন্ত্রিত হোদেইদা বন্দর নগরী থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দক্ষিণে ‘এমএসভি ফৈজ নূরে আউলিয়া’ নামে জাহাজটির উপর হামলা হয়। স্থানীয় সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থার দাবি, একটি অজ্ঞাত প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র সরাসরি জাহাজটিতে আঘাত হানে। প্রবল আঘাতে জাহাজটি প্রথমে ভারসাম্য হারিয়ে উল্টে যায়। পরে অল্প সময়ের মধ্যেই সেটি সম্পূর্ণভাবে সমুদ্রের জলে তলিয়ে যায়।
১৩ ভারতীয়-সহ ১৪ জনকেই নিরাপদে উদ্ধার
হামলার সময় জাহাজে মোট ১৪ জন ছিলেন। তাঁদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং একজন ইয়েমেনের নাগরিক। জাহাজটি ডুবে গেলেও সকল নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার খবর পেয়েই উদ্ধার অভিযানে নামে ইয়েমেনের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স (গার্ডস অফ দ্য রিপাবলিক)। তাদের কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে সমুদ্র থেকে একে একে ১৪ জনকেই উদ্ধার করা হয়। পরে তাঁদের নিরাপদে মোখা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
কী জানাল ইয়েমেনের বাহিনী?
ইয়েমেনের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স জানিয়েছে, হোদেইদা বন্দরের দক্ষিণে জাহাজটি হামলার মুখে পড়ে। ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটির ভারসাম্য সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এরপর সেটি উল্টে গিয়ে সমুদ্রে ডুবে যায়। উদ্ধার অভিযানে কোস্ট গার্ড ও নৌবাহিনী সমন্বয় রেখে দ্রুত কাজ করায় সকল নাবিকের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে।
হামলার তীব্র নিন্দা কেন্দ্রের
ঘটনার পর কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই হামলার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, নিরস্ত্র বাণিজ্যিক জাহাজের উপর এ ধরনের হামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জানান, জাহাজটি সম্পূর্ণ ডুবে গেলেও ১৪ জন নাবিকই নিরাপদে রয়েছেন। ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিরেক্টর জেনারেল অব মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া নাবিকদের সবরকম সহায়তা দিতে সংশ্লিষ্ট সমস্ত সংস্থার সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
বিদেশ মন্ত্রকের নজরে পরিস্থিতি
বিদেশ মন্ত্রক জানিয়েছে, সৌদি আরবের রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাস গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। ইয়েমেনের প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে উদ্ধার হওয়া ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের দেশে ফেরানো ও প্রয়োজনীয় সহায়তার বিষয়েও পদক্ষেপ করা হচ্ছে।
আন্তর্জাতিক জলপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এই ঘটনার পর ভারত জানিয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের উপর ধারাবাহিক হামলা অত্যন্ত উদ্বেগজনক। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রপথে নিরাপদ ও অবাধ নৌচলাচল নিশ্চিত করা আন্তর্জাতিক আইনের অধীনে অত্যন্ত জরুরি। এই পথ দ্রুত স্বাভাবিক না হলে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি পরিবহণ এবং সরবরাহ ব্যবস্থার উপর তার বড় প্রভাব পড়তে পারে বলেও মনে করছে নয়াদিল্লি।
কেন গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালী?
গত মাসেই ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা করেছিল। তারপর থেকেই লোহিত সাগর এবং বাব এল-মান্দেব প্রণালী ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই প্রণালী লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের জ্বালানি, তেল, গ্যাস এবং বিভিন্ন পণ্যবাহী জাহাজের একটি বড় অংশ এই পথ দিয়েই যাতায়াত করে। ফলে এই অঞ্চলে হামলার ঘটনা শুধু সংশ্লিষ্ট দেশগুলির জন্য নয়, আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক অর্থনীতির জন্যও নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে।


