33.3 C
Kolkata
Thursday, July 16, 2026
spot_img

মৃত্যুর মুখে সোনম, এখনও নীরব কেন্দ্র! এবার তীব্র ভর্ৎসনা হাইকোর্টের, দিল কড়া নির্দেশ!

নয়াদিল্লি: আর দু-দিনেই মৃত্যু হতে পারে সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk), আশঙ্কা করে বুধবার দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। দীর্ঘ ১৯ দিনের অনশনে শিক্ষাবিদ ও পরিবেশপ্রেমী সোনম ওয়াংচুকের ওজন প্রায় ৮.৯ কেজি কমে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তরমন্তরে অনশনরত ‘বাস্তবের র‍্যাঞ্চো’ জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

অথচ কোনও ভ্রূক্ষেপ নেই কেন্দ্রের। এবার লাদাখের পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের অনশন ঘিরে উদ্বেগ প্রকাশ করল দিল্লি হাই কোর্ট। টানা ১৯ দিন ধরে যন্তরমন্তরে অনশন চালিয়ে যাওয়ায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে আদালতে জানানো হয়। এই পরিস্থিতিতে কেন্দ্রকে কড়া নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

বৃহস্পতিবার মামলার শুনানিতে আদালত জানায়, প্রত্যেক নাগরিকের জীবন অত্যন্ত মূল্যবান। তাই অনশনরত সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে, প্রয়োজনীয় ওষুধপত্রের ব্যবস্থা করতে হবে এবং তাঁর জীবন রক্ষায় সরকারের তরফে সবরকম পদক্ষেপ গ্রহণ করতে হবে। শুনানির সময় সোনমের আইনজীবীর দাবি, দীর্ঘদিন ধরে অনশন চালিয়ে যাওয়ায় তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত চিকিৎসা ও পুষ্টির ব্যবস্থা না হলে প্রাণসংশয়ের আশঙ্কাও রয়েছে।

এই প্রেক্ষাপটে আদালত প্রশ্ন তোলে, অনশনকারীর শারীরিক অবস্থার উপর সরকার নিয়মিত নজর রাখছে কি না। আদালতের পর্যবেক্ষণ, একজন নাগরিক অনশনে থাকলেও তাঁর জীবন ও স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

প্রসঙ্গত, সোনমের স্বাস্থ্য অবনতিতে জনস্বার্থ মামলা দায়ের করে আদালতের জরুরি হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলেন সমাজকর্মী ও আইনজীবী রাকেশকুমার সাইনি। অবিলম্বে সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়া হোক। প্রয়োজনে তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার মাধ্যমে অনশন ভাঙানোর ব্যবস্থাও করার আবেদন জানিয়েছিলেন তিনি। সেই মামলার শুনানিতে দিল্লি হাইকোর্টের স্পষ্ট বার্তা, সোনমের জীবন বাঁচাতে যা যা করণীয় সরকারকে তা করতে হবে”।

বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে শুনানির সময় কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা স্বীকার করেন, অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে সরকার নিয়মিতভাবে নজর রাখছে না। তিনি জানান, সোনমের (Sonam Wangchuk) স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে ঠিকই, তবে কখনও সরকারি, কখনও বেসরকারি চিকিৎসকের মাধ্যমে। এরপরই হাই কোর্ট নির্দেশ দেয়, সরকারি চিকিৎসকদের দিয়েই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে এবং প্রয়োজনে তাঁর জীবন বাঁচাতে সরকারকে অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে।

এদিকে যন্তরমন্তরে সোনমের অনশন বৃহস্পতিবার ১৯ দিনে পড়েছে। চিকিৎসা বুলেটিন অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল, ২৪ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। অনশন শুরুর পর থেকে তাঁর ওজন প্রায় ৮.৯ কেজি কমে ৫৭ কেজিতে নেমেছে। যদিও রক্তচাপ, রক্তে শর্করা ও অক্সিজেনের মাত্রা আপাতত স্থিতিশীল, তবু চিকিৎসকদের মতে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখাই জরুরি। এখন দেখার, আদালতের নির্দেশের পর কেন্দ্র সরকার কি পদক্ষেপ গ্রহণ করে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন