নয়াদিল্লি: সামনেই সংসদের বাদল অধিবেশন। তার আগে রাজধানীতে নরেন্দ্র মোদীর (Narendra Modi) বাসভবনে রুদ্ধদ্বার বৈঠক করলেন কেন্দ্রের ‘হেভিওয়েটরা’। জানা গিয়েছে, বুধবার গভীর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। বৈঠক শেষে একে একে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সভাপতি নীতীন নবীন এবং দলের সংগঠনের সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে সরকার বা বিজেপির তরফে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
এই নীরবতার মধ্যেই জল্পনা আরও উসকে দিয়েছে আসন্ন সংসদের বাদল অধিবেশন। আগামী ২০ জুলাই থেকে শুরু হতে চলা অধিবেশনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল করতে পারেন বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে।
সূত্রের দাবি, অন্তত ৭ থেকে ৮ জন সাংসদ নতুন করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। একইসঙ্গে বর্তমান মন্ত্রিসভার একাধিক সদস্যকে বাদ দেওয়া হতে পারে বলেও জল্পনা রয়েছে। এমনকি বিজেপির শীর্ষ নেতৃত্বের কয়েকজন এবং প্রধানমন্ত্রীর (Narendra Modi) ঘনিষ্ঠ বলেই পরিচিত কিছু নেতার নামও সম্ভাব্য পরিবর্তনের তালিকায় রয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি।
অন্যদিকে, বিজেপির সভাপতি হিসেবে নীতীন নবীনের দায়িত্ব গ্রহণের কয়েক মাস কেটে গেলেও এখনও তাঁর পূর্ণাঙ্গ সাংগঠনিক টিম ঘোষণা করা হয়নি। দলীয় সূত্রে জল্পনা, মন্ত্রিসভার রদবদল এবং বিজেপির সাংগঠনিক রদবদল একসঙ্গেই করা হতে পারে।
এই পরিস্থিতিতে বুধবার গভীর রাতের বৈঠককে ঘিরে জল্পনা আরও বেড়েছে। যদিও বৈঠকের সঙ্গে সম্ভাব্য রদবদলের সরাসরি যোগ রয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনও সরকারি নিশ্চিতকরণ মেলেনি। রাজনৈতিক মহলের নজর এখন প্রধানমন্ত্রীর পরবর্তী পদক্ষেপ এবং ২০ জুলাইয়ের আগেই কোনও বড় ঘোষণা আসে কি না, সেদিকেই।


