Aaj India Desk, কলকাতা : শুরু হয়েছিল একটি সোশ্যাল মিডিয়া পরিচয় থেকে। সময়ের সঙ্গে সেই সম্পর্ক গড়িয়েছিল বন্ধুত্বে। কিন্তু সেই সম্পর্কই শেষ পর্যন্ত একাধিক গুরুতর অভিযোগে পরিণত হয়েছে। এক যুবকের বিরুদ্ধে টানা সাত বছর ধরে ধর্ষণ, যৌন নির্যাতন, ব্ল্যাকমেল এবং হুমকির অভিযোগ তুলেছেন এক মহিলা। অভিযোগের ভিত্তিতে প্রথমে মেটিয়াবুরুজ থানায় মামলা দায়ের হলেও পরে জিরো এফআইআর করে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বাঁশদ্রোণী থানাকে। (Rape Case)
প্রথমে সোশ্যাল মিডিয়ায় কথাবার্তার মাধ্যমে ওই যুবকের সঙ্গে মহিলার ঘনিষ্ঠতা হয়। সময়ের সাথে সাথে তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। লকডাউনের সময়ও তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো। ২০২১ সাল থেকে ওই মহিলাকে বেড়াতে যাওয়ার নাম করে শহরের বাইরে বিভিন্ন হোটেলে নিয়ে যেতেন ওই যুবক। সেখানেই প্রথম তাঁর উপর ধর্ষণ করা হয় বলে দাবি করেন মহিলা। একই সঙ্গে তাঁর অশ্লীল ছবি ও ভিডিও তুলে রেখে তাকে নিয়মিত ব্ল্যাকমেল করা হতো। ওই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পরবর্তী সময়ে একাধিকবার তাঁকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে যৌন নির্যাতনও করা হয়। প্রতিবাদ করলে খুন করার মতো হুমকি দেওয়া হত বলেও অভিযোগ করেছেন তিনি। (Rape Case)
সম্প্রতি জোকার একটি হোটেলে নিয়ে গিয়ে মদ্যপ অবস্থায় সারারাত তাঁর উপর নির্যাতন চালানো হয়। তাঁকে বিবস্ত্র অবস্থায় হোটেলের বারান্দায় যেতে বাধ্য করা হয়েছিল। পরদিন সকালে তিনি কোনওমতে হোটেল থেকে বেরিয়ে বাড়ি ফেরেন। এরপর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন এবং থানায় অভিযোগ দায়ের করতে সহায়তা করেন। (Rape Case)
প্রথমে মেটিয়াবুরুজ থানায় মামলা দায়ের হয়। তদন্তে জানা যায়, অভিযুক্তের বাড়ি বাঁশদ্রোণীর ব্রহ্মপুর এলাকায়। ওই এলাকাতেই প্রথম ধর্ষণের ঘটনাটি ঘটেছিল। সেই কারণে জিরো এফআইআর নথিভুক্ত করে মামলাটি বাঁশদ্রোণী থানায় পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত অভিযুক্তের পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


