Aaj India Desk,মুর্শিদাবাদ : বহরমপুরের প্রশাসনিক বৈঠকে জেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে আলোচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari) । আইন-শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে গঙ্গা ভাঙন, কর্মসংস্থান এবং সরকারি প্রকল্পের সুবিধা একাধিক বিষয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।
বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয় ছিল পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার উদ্যোগ। কাজের সন্ধানে যাঁরা দীর্ঘদিন ধরে ভিন রাজ্যে রয়েছেন, তাঁদের জন্য পশ্চিমবঙ্গেই কর্মসংস্থানের সুযোগ তৈরির উপর জোর দেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সরকারি বিভিন্ন প্রকল্পের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জন্য কেন্দ্র ও রাজ্যের একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্প ইতিমধ্যেই চালু রয়েছে। আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য পরিষেবা, কর্মসংস্থান প্রকল্প এবং শ্রমিক কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের সুবিধা যাতে প্রত্যন্ত এলাকার মানুষও পান, সেদিকেও নজর দেওয়া হচ্ছে। নির্মাণ শ্রমিক ও বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের জন্য বিশেষ প্রকল্পের কথাও উল্লেখ করেন তিনি।
এদিন তিনি দাবি করেন, সরকারি প্রকল্পগুলির সুবিধা সঠিকভাবে কাজে লাগাতে পারলে একটি প্রান্তিক পরিবারের আর্থিক অবস্থার বেশ ভালো উন্নতি হতে পারে। পিএম কিষাণ সম্মান নিধি, অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা এবং কর্মসংস্থান প্রকল্প থেকে প্রাপ্ত অর্থ মিলিয়ে একটি পরিবার মাসে প্রায় ১৫ থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারে বলে তাঁর বক্তব্য। এর পাশাপাশি খাদ্য সুরক্ষা প্রকল্পের রেশন এবং বিনামূল্যের স্বাস্থ্য পরিষেবাও পরিবারের দৈনন্দিন ব্যয় কমাতে সাহায্য করবে।
অন্যদিকে, মালদহ ও মুর্শিদাবাদে দীর্ঘদিনের গঙ্গা ভাঙন সমস্যার স্থায়ী সমাধান নিয়েও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, দুই জেলার জন্য প্রায় ৩,৬০০ কোটি টাকার একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের ব্যয়ের অর্ধেক বহন করবে কেন্দ্র এবং বাকি অংশ রাজ্য সরকার দেবে। এর মধ্যে শুধু মুর্শিদাবাদ জেলাতেই প্রায় ২,৫০০ কোটি টাকার কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
Murshidabad #Berhampore #suvenduadhikari #AnnapurnaYojana #PMKisan #AyushmanBharat


