কলকাতা: অপেক্ষা! একটা ফোনের আশায় দিন গোনা। আর প্রতিদিন মনে মনে একই প্রশ্ন, প্রিয় মানুষটা কি আর ফিরবে না? নেপালের ভয়াবহ হড়পা বানের পর কেটে গিয়েছে কয়েক মাস। কিন্তু এখনও নিখোঁজ স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়ের ফেরার অপেক্ষায় রয়েছেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। এর মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়াল নেপাল সরকারের পদক্ষেপ। হড়পা বানে নিখোঁজ ২১৩ জন ভারতীয়কে (Nepal Flood Missing Indians) মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি এই ঘোষণা যেন বহু পরিবারের কাছে আশার শেষ আলোটুকুও ম্লান করে দেওয়ার মতো। তবুও কি শেষ হয়ে গেল অপেক্ষা? শুভ্রাংশু কিন্তু এখনও হাল ছাড়তে নারাজ।
শর্মিষ্ঠার জন্য আজও অপেক্ষা রায় পরিবারে
২১ অগস্ট কৈলাস-মানস সরোবর যাত্রার উদ্দেশে কলকাতা থেকে রওনা হয়েছিলেন শর্মিষ্ঠা। ৩০ জনের একটি পর্যটক দলের সঙ্গে ছিলেন তিনি। কিন্তু ২৬ অগস্ট নেপালের ত্রিশূলী-ভোটকোশী নদী অববাহিকায় ভয়াবহ হড়পা বানের পর থেকেই তাঁর আর কোনও খোঁজ মেলেনি। শেষবার ২৫ অগস্ট রাতে স্বামী শুভ্রাংশু রায়ের সঙ্গে কথা হয়েছিল তাঁর। তারপর থেকে কার্যত অন্ধকারে গোটা পরিবার (Nepal Flood Missing Indians)।
শুধু স্বামী নন, মায়ের অপেক্ষায় রয়েছে তাঁর দুই সন্তানও। দুর্গাপুজোকে ঘিরে শর্মিষ্ঠার বাড়ি ফেরার পরিকল্পনা ছিল। ছোট ছেলেকে বলেছিলেন, হিমালয় থেকে দুর্গাকে সঙ্গে নিয়ে ফিরবেন। কিন্তু পুজো এল, উৎসবের দিনও কেটে গেল, বাড়ি ফেরা হল না মায়ের।ছোট্ট ছেলের প্রশ্ন ছিল, ‘হিমালয় থেকে দুর্গা এল, মাকে আনল না?’ এই একটি প্রশ্নেই যেন ধরা পড়ে রয়েছে একটি পরিবারের দীর্ঘ অপেক্ষা আর অসহায়তা।
২১৩ ভারতীয়কে মৃত ঘোষণার প্রক্রিয়া, কী জানাল দূতাবাস?
এর মধ্যেই ২৫ নভেম্বর নেপালে ভারতীয় দূতাবাসের তরফে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, ২৬ অগস্টের ভয়াবহ হড়পা বানে নিখোঁজ থাকা ২১৩ জন ভারতীয়ের নামের তালিকা প্রকাশ করেছে নেপালের National Disaster Risk Reduction and Management Authority (NDRRMA) (Nepal Flood Missing Indians)।
তালিকায় কোনও নাম বা তথ্য নিয়ে আপত্তি থাকলে, সংশোধন বা সংযোজনের প্রয়োজন হলে ২ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন পরিবারের সদস্যরা।
এরপর আপত্তি ও সংশোধনের প্রক্রিয়া শেষ হলে নেপাল সরকার চূড়ান্ত তালিকা তৈরি করে আনুষ্ঠানিকভাবে মৃত্যুর ঘোষণা করবে। পরবর্তী সময়ে মৃত্যুর শংসাপত্র পাওয়ার প্রক্রিয়াও শুরু করবে ভারতীয় দূতাবাস।
এখনও আশায় বুক বাঁধছেন শুভ্রাংশু
তিন মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু স্ত্রীকে ফিরে পাওয়ার আশা ছাড়েননি শুভ্রাংশু। এর আগে বারবার সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর খোঁজ চেয়ে আবেদন জানিয়েছেন তিনি। এমনকী শর্মিষ্ঠার শেষ অবস্থান এবং তাঁর সম্পর্কে তথ্য থাকলে যোগাযোগ করার আবেদনও করেছেন।
এখন প্রশ্ন, নেপালের প্রকাশিত ২১৩ জনের তালিকায় শর্মিষ্ঠার নাম রয়েছে কি না? থাকলে পরিবারের তরফে কী সিদ্ধান্ত নেওয়া হবে? ভারত সরকার ও ভারতীয় দূতাবাসের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে পরিবার।
একদিকে সরকারি নিয়মে নিখোঁজদের মৃত ঘোষণার প্রক্রিয়া, অন্যদিকে প্রিয়জনকে ফিরে পাওয়ার একরাশ আশা। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে রয়েছে বহু পরিবার। শর্মিষ্ঠার পরিবারও তাদেরই একটি। কারণ, কাগজে-কলমে কোনও ঘোষণা হয়তো অপেক্ষার একটা অধ্যায় শেষ করতে পারে, কিন্তু প্রিয়জনকে ফিরে পাওয়ার আশাটা কি এত সহজে শেষ হয় (Nepal Flood Missing Indians)?


